জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ ও জাগরণের ১০টি গান নতুন আঙ্গিকে প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। অ্যালবামের প্রকাশনা উপলক্ষে ‘‘নজরুল রক কনসার্ট ২০২৫’’- এর আয়োজন করা হয়েছে।
শনিবার (৩১ মে) বিকেল ৫টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এই কনসার্টে গাইবে ১০টি ব্যান্ড।
অ্যালবামটিতে অংশ নেবে- ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফরেন্ট টাচ, মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর ব্যান্ড। কনসার্টে অ্যালবামের ১০টি গান গাওয়ার পাশাপাশি নজরুলের আরও বেশ কয়েকটি উদ্দীপনামূলক গান পরিবেশন করবে এই ব্যান্ডগুলো। এছাড়াও গানের পাশাপাশি থাকবে নজরুলের কবিতা আবৃত্তিও।
কনসার্টটি দর্শকেরা বিনা মূল্যে উপভোগ করতে পারবেন। এই কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নজরুল রক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অ্যালবামটির প্রতিটি গান ইনস্টিটিউটের ওয়েবসাইট, ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোয় প্রকাশ করা হবে।



