Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মদ্যপ অবস্থায় মধ্যরাতে নোবেল আটক

উবার চালককে মারধর করায় নোবেলকে আটক করা হয়

আপডেট : ২০ জুলাই ২০২৫, ১১:৪৩ এএম

রাজধানীর কল্যাণপুর থেকে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নতুন করে আবারও বিতর্কে জড়ালেন নোবেল। মদ্যপ অবস্থায় আকবর হোসেন নামে এক উবারচালককে মারধর করলেন তিনি। কিছুদিন আগে নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান নোবেল। অভিযোগকারী নারীর সঙ্গে বিয়ের মাধ্যমে সেই মামলার নিষ্পত্তি হয়।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল।

উবার চালক আকবর হোসেন সংবাদমাধ্যমাধ্যকে জানান, অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে হাবুলের পুকুর পাড় এলাকায় আসেন নোবেল। সঙ্গে ছিলেন তার স্ত্রী সালসাবিল। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। তারা দুজন তর্কে জড়ালে একপর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে চালককে মারধর করেন।

ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হলে নোবেল তাদের তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ। আটক করা হয় নোবেল, ভাড়ায় চালিত গাড়ি ও চালককে।

ওসি সাজ্জাদ রোমান জানান, নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ২৪ জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তাকে জামিনের আদেশ দেন। আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে বিরুদ্ধে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন দেন আদালত। গত ২০ মে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়।

   

About

Popular Links

x