বর্ষা মানেই টিপটিপ বৃষ্টি। কখনও ভারি বর্ষণ, কখনও রোদ- এই আবহাওয়া ওঠানামায় সহজেই বাড়ে সর্দি-কাশি, জ্বর ও গলার খুসখুসে ভাব। এমন সময়ে শরীর চাঙা রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কয়েকটি প্রাকৃতিক পানীয় হতে পারে আপনার সঙ্গী।
ডাবের পানি
শুধু গরমেই নয়, বর্ষাকালেও পেট ঠান্ডা ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রাখতে দারুণ কাজ করে ডাবের পানি। এতে থাকা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন সি শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধে সহায়তা করে।
আদা-লবঙ্গের ভেষজ চা
গরম চায়ে আদা ও লবঙ্গের অ্যান্টি-অক্সিড্যান্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ গলার খুসখুসে ভাব কমাতে এবং কাশি-জ্বরের সময়ে আরাম দিতে কার্যকর ভূমিকা রাখে।
তুলসীর পানীয়
তুলসী, গোলমরিচ ও দারচিনি ফুটিয়ে তৈরি এই গরম পানীয় শ্বাসযন্ত্রের সংক্রমণ রোধে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদারে অনন্য। চাইলে এতে মধু মিশিয়ে স্বাদ ও উপকারিতা দুটোই বাড়ানো যায়।
বর্ষার অনিশ্চিত আবহাওয়ায় প্রতিদিনের অভ্যাসে এই পানীয়গুলো রাখলে শরীর থাকবে সতেজ, আর মৌসুমি অসুখের ঝুঁকি কমে যাবে।



