Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভিডিও কলে প্রেম: অনলাইন ভালোবাসার অফলাইন অনুভূতি

বিশ্বাস, বোঝাপড়া আর বাস্তব পরিকল্পনা থাকলে স্ক্রিনের সম্পর্কও হতে পারে দীর্ঘস্থায়ী

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম

প্রেম মানেই সবসময় পাশাপাশি হাঁটা নয়। আজকের দিনে ভালবাসা অনেক সময় বেঁচে থাকে স্ক্রিনের ভেতরেই। হাজার মাইল দূরে থেকেও ভিডিও কলের মাধ্যমে কাছাকাছি থাকার অনুভূতি তৈরি করা সম্ভব। তবে এই সম্পর্কগুলো টিকিয়ে রাখা সহজ নয়, কারণ দূরত্ব, সময়ের পার্থক্য আর ব্যস্ততা অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

অনেকেই মনে করেন দূরত্ব মানেই সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া। কিন্তু বাস্তবতা বলছে, যেখানে বিশ্বাস আর বিশ্বস্ততা থাকে, সেখানে দূরত্ব কেবল সংখ্যার হিসাব। দিনের শেষে একবার ভিডিও কলে কথা হলেও সম্পর্ক টিকে থাকতে পারে, যদি দুজনই নিশ্চিত থাকেন যে তারা একে অপরের জন্যই আছেন।

এই সম্পর্কগুলোতে ছোট ছোট খোঁজ-খবর অনেক বড় ভূমিকা রাখে। “খেয়েছো?”, “কী করছো?”, “ভালো থেকো” এই সাধারণ কথাগুলোই হয়ে ওঠে ভালোবাসার শক্ত ভিত। তবে ভিডিও কলে সবকিছু পূর্ণ হয় না। মন খারাপের দিনে পাশে বসা যায় না, হঠাৎ করে হাত ধরা যায় না তাই এই অপূর্ণতাগুলো থেকেই যায়।

তাই যোগাযোগ গুরুত্বপূর্ণ হলেও তা যেন চাপ হয়ে না দাঁড়ায়। সারাক্ষণ কথা বলার চেয়ে প্রয়োজনের সময় পাশে থাকা বেশি জরুরি। ব্যক্তিগত সময়, বন্ধুদের সঙ্গে আড্ডা বা নিজের মতো কাটানো মুহূর্তগুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ।

এছাড়া, শুধু স্ক্রিনের মধ্যেই সম্পর্ক সীমাবদ্ধ থাকলে তা ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। বাস্তবে দেখা, একসঙ্গে সময় কাটানো এসবই সম্পর্ককে আরও দৃঢ় করে। তাই ভবিষ্যতে একসঙ্গে থাকার বাস্তব পরিকল্পনা থাকাও জরুরি।

মাইশা আলম নামের এক তরুণীর অভিজ্ঞতা এই কথাগুলোকেই আরও স্পষ্ট করে। তিনি জানান, আট বছরের সম্পর্কে ভিডিও কলই তাদের প্রধান ভরসা। দূরে থেকেও তারা নিজেদের কাছাকাছি অনুভব করেন। তবে কঠিন সময়ে পাশে না পাওয়ার কষ্টও থেকে যায়। তার মতে, সম্পর্ক টিকে থাকে বিশ্বাস আর বোঝাপড়ার উপরই সেক্ষেত্রে দূরত্ব তখন আর বাধা হয়ে দাঁড়ায় না, যদিও মাঝে মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।

ভিডিও কলের প্রেম টিকিয়ে রাখতে দরকার আস্থা, স্পেস, বাস্তবতা আর একসঙ্গে ভবিষ্যৎ গড়ার ইচ্ছা। এগুলো থাকলে দূরত্ব কখনোই ভালোবাসাকে হারাতে পারে না।

   

About

Popular Links

x