কৃত্রিম রূপচর্চা কিংবা দামি অ্যান্টি-এজিং ক্রিমের পেছনে ছোটেন অনেকেই। তবে আধুনিক বিশ্বে এখন জনপ্রিয় হয়ে উঠছে ‘স্লো এজিং’ ধারণা। এর মাধ্যমে কৃত্রিম কোনো উপায় ছাড়াই খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় সামান্য পরিবর্তন এনে বয়স বৃদ্ধির গতি ধীর করা যায়।
বয়স বৃদ্ধি পাওয়ার বিষয়টি একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু আপনার শরীরে বা মুখে বয়সের ছাপ কতটা দ্রুত পড়বে, সেটি অনেকটাই নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপনের ওপর। বর্তমানে বিশ্বজুড়ে সৌন্দর্যচর্চা ও স্বাস্থ্য সচেতনতায় দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে ‘স্লো এজিং’।
স্লো এজিং মানে এই নয় যে বয়স বাড়া একেবারে বন্ধ হয়ে যাবে; বরং এর মূল উদ্দেশ্য হলো উপযুক্ত পরিচর্যা ও প্রাকৃতিক উপায়ে ত্বকের বয়স বৃদ্ধির গতিকে ধীর করে দেওয়া।
স্লো এজিং কী
সহজ কথায়, এটি এমন এক জীবনধারা যা আমাদের শরীরের কোষের ক্ষয় রোধ করে এবং বার্ধক্যের গতি কমিয়ে দেয়।
আধুনিক জীবনের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ, ঘুমের অভাব এবং পরিবেশগত দূষণের কারণে মানুষের শরীরের ‘জৈবিক বয়স’ প্রকৃত বয়সের তুলনায় দ্রুত বাড়তে থাকে। ফলে ৩০ বছর বয়সেই অনেককে ৩৫ বা ৪০ বছরের মতো বয়স্ক দেখায়। এই অকালবার্ধক্য রুখতেই কাজ করে ‘স্লো এজিং’।
খাদ্য ও জীবনযাপনে আনতে হবে পরিবর্তন
‘স্লো এজিংয়ের’ মূল উপাদান লুকিয়ে রয়েছে আমাদের রান্নাঘরে এবং দৈনন্দিন অভ্যাসে।
অ্যান্টিঅক্সিডেন্ট-সমৃদ্ধ খাবার: কোষের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে রঙিন শাকসবজি, বেরি জাতীয় ফল, গ্রিন টি, বাদাম এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ নিয়মিত খাদ্যতালিকায় রাখা উচিত।
চিনি ও প্রসেসড ফুড বর্জন: অতিরিক্ত চিনি আমাদের ত্বকের কোলাজেন ভেঙে ফেলে এবং দ্রুত বলিরেখা স্পষ্ট করে তোলে। তাই প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
মানসিক চাপ নিয়ন্ত্রণ ও ঘুম: দীর্ঘদিনের দুশ্চিন্তা শরীরে কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়, যা ত্বক দ্রুত বুড়িয়ে দেয়। যোগব্যায়াম বা ধ্যানের মাধ্যমে মন শান্ত রাখার পাশাপাশি প্রতি রাতে ৭-৮ ঘণ্টার গভীর ঘুম জরুরি। কারণ ঘুমের সময় শরীরের কোষ মেরামত হয়।
শারীরিক সক্রিয়তা: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা, সাইকেল চালানো বা হালকা ব্যায়াম শরীরে রক্তসঞ্চালন ও অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করে, যা সেলুলার স্তরে বয়স বৃদ্ধি ধীর করে।
দিন ও রাতের স্কিন কেয়ার রুটিন
বাহ্যিক সুরক্ষায় সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাকে চিকিৎসাবিজ্ঞানে ‘ফোটো এজিং’ থেকে সুরক্ষা বলা হয়।
দিনের রুটিন
ক্লিনজিং: মৃদু (Gentle) ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করুন।
ভিটামিন সি সেরাম: ফ্রি-র্যাডিক্যাল ও দূষণ থেকে সুরক্ষায় ব্যবহার করুন।
ময়শ্চারাইজার: ত্বকের ধরন অনুযায়ী ভালো একটি হাইড্রেটিং ময়শ্চারাইজার ব্যবহার করুন।
সানস্ক্রিন: রোদে বা মেঘলা দিনে প্রতিদিন SPF 30+ সানস্ক্রিন ব্যবহার বাধ্যতামূলক।
রাতের রুটিন
ডাবল ক্লিনজিং: সারাদিনের ধুলোবালি ও মেকআপ তুলতে প্রথমে অয়েল ক্লিনজার ও পরে ওয়াটার-বেসড ফেসওয়াশ ব্যবহার করুন।
রেটিনল সেরাম: ত্বকের কোলাজেন ধরে রাখতে সপ্তাহে ২ থেকে ৩ রাত ব্যবহার করুন। গর্ভবতী নারীদের জন্য রেটিনল ব্যবহার অনুচিত।
নাইট ক্রিম: রেটিনল ব্যবহারের পর ত্বকের শুষ্কতা এড়াতে একটি পুষ্টিকর ভারী ময়শ্চারাইজার ব্যবহার করুন।
প্রাকৃতিক উপায়ে জীবনযাত্রায় এই ইতিবাচক পরিবর্তনগুলো আনলে দীর্ঘমেয়াদে যেমন শরীর সতেজ থাকে, তেমনই ত্বকেও বজায় থাকে প্রাকৃতিক উজ্জ্বলতা ও তারুণ্য।



