Thursday, June 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

লাভ রোড: মিরপুরের এক উৎসবকেন্দ্র

আশেপাশের যত শিক্ষাপ্রতিষ্ঠান আছে তার শিক্ষার্থীদের দম ফেলার জায়গা এখন লাভ রোড। সন্ধ্যা গড়ালেই এখানে গিটারের সাথে গানের সুর ভাসে। প্রেমিকার অভিমান ভাঙাতে ফুল তুলে দেওয়া প্রেমিক কম নয় এখানে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০২:৩৩ পিএম

ছিল অনেক কিছুই। কিন্তু রাস্তাটার নাম ছিল না। স্টেডিয়ামমুখী সড়ক। চম্পা-পারুল স্কুল ঘেঁষা রোড। মিরপুর কলেজের রাস্তা- এমন বহু নামে তাকে ডাকা হতো।    

স্টেডিয়াম মানে তখন মারমার কাটকাট ঘটনা। ‘‘হোম অব ক্রিকেট’’ হয়নি সে সময়। ছিল একান্ত ফুটবলের। মোহামেডান-আবাহনী খেলার দিন রণক্ষেত্র। টিয়ার গ্যাসের ঝাঁজ পৌঁছাত বহুদূর। আবার এখানে কনসার্টও হতো। উপমহাদেশ কাঁপানো জুনুন, ফুজন আর দেশের জেমস, ওয়ারফেজ, আর্টসেলও মাতিয়েছে মিরপুরের দর্শকদের।

এই মিরপুরের বদলের সাক্ষ্য হয়ে এ রাস্তা এখন ‘‘লাভ রোড’’। দোকানের সাইনবোর্ডে তাই। চেনেন রিকশাওয়ালারাও। পুরো রাস্তাজুড়ে খাবার দোকানের সারি। চা নিয়ে বিচিত্র নিরীক্ষা চলছে লাভ রোডের দোকানগুলোয়। একটি মন্দির প্রতিষ্ঠিত হয়ে মহল্লার বহুমাত্রিকতাকে দিয়েছে অন্যরূপ।

সব মিলিয়ে আড্ডা দেওয়ার জন্য মিরপুরের লাভ রোড এক দুর্দান্ত প্যাকেজ। চায়ের কথা আগেই বলা হয়েছে। ভাতের হোটেল থেকে কাবাব, পিৎজা, বার্গার, মমো- কী নেই এখানে! চিত্ত ও বিত্তমাফিক ভোক্তারা বেছে নেন খাবার।  

বাংলাদেশের খেলার দিন পুরো এলাকা বদলে যায়। ন্যাশনাল স্কুলের পেছনটায় পার্কিং। কোনো রোড ডাইভার্ট। কোনো রোড একমুখী। কোনো সন্দেহ নেই মিরপুরের মানুষের ভোগান্তি হয় এসবে। কিন্তু টাইগাররা জিতলে ভোগান্তি রূপ নেয় আনন্দে। এভাবেই তো ক্রিকেট এক সুতায় বাঁধে পুরো জাতিকে। 

খুব ছোটবেলায় বড় খালার বাসা শাহজাহানপুর খুব যাওয়া হতো। ফেরার সময় ঘটত বিপত্তি। কোনো হলুদ বেবি ট্যাক্সিই মিরপুর আসতে চান না। “মিরপুরে গাড়ি রাইখ্যা লাশ হালায়া দেয় তুরাগে”- এমন ভাষ্য বিদিত ছিল। সে দিন ঘুঁচেছে বড়বেলায়। এখন তো মেট্রোরেলের কারণে মিরপুর রূপ নিয়েছে এক শহর-কেন্দ্রে।

এ শহর-কেন্দ্রের আরেক কেন্দ্র এখন লাভ রোড। আশেপাশের যত শিক্ষাপ্রতিষ্ঠান আছে তার শিক্ষার্থীদের দম ফেলার জায়গা এখন লাভ রোড। সন্ধ্যা গড়ালেই এখানে গিটারের সাথে গানের সুর ভাসে। প্রেমিকার অভিমান ভাঙাতে ফুল তুলে দেওয়া প্রেমিক কম নয় এখানে। ‘‘লাভ’’ তো পূর্ণতা পাওয়ার কথা না এমন অভিমান ছাড়া।  

আকাশে মেঘ জমলে আগে থেকে উদযাপনে মাতে এখানের যুবারা। তারা চলে যায় জেমসীয় মুডে, “এসো, চুল খুলে পথে নামি। এসো উল্লাস করি।” ভাব ভর করে তাদের।

এভাবেই সুন্দর তারুণ্যের সঙ্গে সারথি মিরপুরের লাভ রোডের। ভালোবাসা, বন্ধুত্ব একাকার হয় এখানে। বৃষ্টি নামে, বৃষ্টি থামে। সূর্য ওঠে, অস্ত যায়। জোছনা ঝরায় পূর্ণিমা। প্রকৃতি ও মানুষের সমস্ত কিছুর স্মারক হয়ে থাকে মিরপুরের লাভ রোড।

   

About

Popular Links

x