পা নাচানো, নাড়ানো- এই অভ্যাস প্রায় সবার মাঝেই দেখতে পাওয়া যায়। অনেকেই প্রাথমিকভাবে ধারণা করেন এটা একটি অভ্যাস। তবে বিশেজ্ঞরা বলছেন ভিন্ন কথা। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মানসিক চাপের কারণে হরমোন কর্টিসলের মাত্রা বৃদ্ধির মানে হলো উচ্চ হৃদ গতি। আর এ অবস্থা থেকে পরিত্রান পেতে দরকার নড়াচড়া করা। নড়াচড়া করলে রক্ত চলাচল বৃদ্ধি পায়।
চলুন জেনে নেওয়া যাক আমরা এমনটি কেন করি।
মনোযোগ বাড়াতে
অফিসের কাজ থেকে শুরু করে যেকোনো কাজেই অনেকে পা নাচান। মনের অজান্তেই পা ক্রমাগত নড়তে থাকে। শুধু মানসিক চাপ কমাতেই নয়, মনোযোগ ধরে রাখতেও অনেক সময় অবচেতন মনেই পা নাড়ান।
ইউনিভার্সিটি অফ মিসিসিপি থেকে প্রকাশিত এক গবেষণায় জানানো হয়, হাইপার অ্যাক্টিভ ডিজঅর্ডার (এডিএইচডি) তে আক্রান্ত শিশুদের মনোযোগ ধরে রাখতে পুনরাবৃত্তিমূলক নড়াচাড়া বেশ কার্যকর হয়েছে। একইভাবে কাজের মধ্যে থাকলে পা নাড়ানো মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে কাজ করে।
এটি মস্তিষ্কের অতিসক্রিয়তা কমে গিয়ে অস্থিরভাব দূর হওয়ার ক্ষেত্রে সাহায্য করে। বিশেষ করে বিরক্ত হওয়ার মতো নেতিবাচক মনের অবস্থা থেকে নিষ্কৃতি দেয়। পা নাচানোর মাধ্যমে একঘেয়েমি বা বিভ্রান্তির মতো মনের নেতিবাচক অনুভূতি থেকে মনোযোগ সরিয়ে ফেলা যায়।
অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ
শুধু মানসিক কারণেই নয়, খাদ্যাভ্যাস থেকেও পা নাচানোর বিষয়টা চলে আসতে পারে। আর সেটা হল কোমল পানীয় বা চা/কফি পান করা। উত্তেজনা বাড়ানোর মতো উপাদান যেমন- ক্যাফেইন, মস্তিষ্কে উত্তেজনা বাড়ায়। যা কিনা অনেক সময় অবসাদ বা ক্লান্তির কারণ হতে পারে। আর এই অবস্থা থেকে পরিত্রাণ পেতেও মনের অজান্তে পা নাচানো হয়। তাই দৈনিক ক্যাফেইন গ্রহণের মাত্রার দিকেও নজর রাখা উচিত।
বিষয়টি গুরুতরও হতে পারে
সব সময় পা নাচানোর বিষয়টা এক না। স্বাভাবিকভাবে পা নাচানো আর অস্থির হয়ে পা ঠোকার মধ্যে পার্থক্য রয়েছে। স্নায়ুবিক সমস্যাকে গুরুতর হিসেবে ধরা হয় যখন অতিরিক্ত পরিমাণে ঘাবড়ানো, মানসিক চাপ বা বিরক্তি দেখা দেয়। এজন্য শরীর নড়াচড়া করার জন্য উসখুস করতে থাকে। যে কারণে একটা পা নাড়াতে ইচ্ছে হয়। যদি অস্বস্তি বা কোনো ব্যথা থেকে পা নাচানো হয় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
এই অভ্যাস বশে আনবেন যেভাবে
পা নাচানোর বিষয়টা অন্যদের কাছে ঘাবড়ানোর লক্ষণ হতে পারে। যা থেকে অন্যদের মাঝে ভুল বোঝার ব্যাপার ঘটতে পারে। এছাড়াও নীরব জায়গায় কিংবা যেখানে অনেক মানুষ থাকে সেখানে পা নাচালে অনেকে বিরক্তবোধ করতে পারেন। কোনো রকম ব্যথার কারণ ছাড়া এমনি পা নাচানোতে বিপজ্জনক কিছু নেই। তবে মানুষকে বিরক্ত করতে না চাইলে এই অভ্যাসের মাত্রাটা কমানোর চেষ্টা করতে হবে। এছাড়াও নরম খেলনা বল চেপে হাতের ব্যায়াম করলেও এই বদভ্যাস থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া সম্ভব।



