প্রাত্যহিক জীবনে আমরা সকলেই কম বেশি লেবু খেয়ে থাকি। সাধারণত খাবারের স্বাদ বাড়ানোর ক্ষেত্রে খাবারের সঙ্গে এটি খাওয়া হয়। আবার অনেকে এটির আচার তৈরি করেও খেয়ে থাকেন। আবার অনেকে এমনিতেই লেবু খেতে ভালোবাসেন। আবার অনেকে ডায়েট করার সময় লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে খেয়ে থাকেন। তবে পুষ্টিবিদদের মতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন একটি করে লেবু খাওয়া যায়।
চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন একটি করে লেবু খেলে যে উপকার পাওয়া যাবে।
বিপাক হার বাড়বে
লেবুতে ভিটামিন সি থাকে ভরপুর পরিমাণে। সংক্রমণের ঝুঁকি কমানো এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এই ভিটামিন বিপাক হারও বাড়িয়ে তোলে। আর ওজন নিয়ন্ত্রণে রাখার অন্যতম পন্থা হলো বিপাক হার বৃদ্ধি। কারণ বিপাক হার ভালো হলেই ক্যালোরি দ্রুত কমানো সম্ভব।
চিনি খাওয়ার প্রবণতা কমে
মিষ্টিজাতীয় খাবার এবং পানীয় খাওয়া বন্ধ না করলে ওজন কমানো মুশকিল। কিন্তু এই ধরনের খাবারের দিক থেকে মুখ ফিরিয়ে রাখতে পারেন না অনেকেই। সেক্ষেত্রে লেবুর রস সাহায্য করতে পারে। হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে মিষ্টি খাওয়ার প্রবণতা কমবে। এছাড়াও রক্তে শর্করার সমতাও বজায় থাকবে।
শরীর আর্দ্র থাকে
নানা ব্যস্ততায় অনেকেরই সারা দিন পানি কম খাওয়া হয়। যার ফলে শরীরে পানির ঘাটতি তৈরি হয়। পানির অভাবে শারীরবৃত্তীয় কাজকর্মে ব্যাঘাত ঘটে। তা ছাড়া পানির অভাবে নানা রকম সমস্যাও দেখা দেয়। ওজন কমানো থেকে শরীরের আর্দ্রতা বজায় রাখা, শরীরে পানির অভাব পূরণ করতে পারে লেবুর রস।



