Sunday, June 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

চুলের সমস্যা দূর করতে জোয়ান ব্যবহার করবেন যেভাবে

জোয়ানে থাকা পুষ্টি উপাদান চুলের ফলিকল মজবুত, চুল পড়া কমাতে ও খুশকির সমস্যা দূর করতে বেশ উপযোগী

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পিএম

চুলের যত্নে বরাবরই ভেষজ উপাদানের কদর যেন বেশি থাকে। জবা, অ্যালোভেরা, মেথির মতো চুলের সমস্যা দূর করতে জোয়ানও দারুণ উপযোগী। জোয়ানের মধ্যে রয়েছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ক্যারম সিড, বিশপস উইড ও আজওয়ান ক্যারাওয়ে নামেও পরিচিত। এগুলো চুলের ফলিকল মজবুত করতে, চুল পড়া কমাতে এবং খুশকির সমস্যা দূর করতে বেশ উপযোগী।

তাই চলুন জেনে নেওয়া যাক চুলের সমস্যা দূর করতে জোয়ান ব্যবহার করবেন যেভাবে।

জোয়ানের তেল

প্যানে এক কাপ নারকেল তেল গরম বসান। এতে ২ চামচ জোয়ানের দানা মিশিয়ে দিন। ১০-১৫ মিনিট পর্যন্ত তেলে জোয়ান ফুটিয়ে নিন। খেয়াল রাখবেন, তেল যেন পুড়ে না যায়। তেল ঠাণ্ডা হলে ছেঁকে নিন। প্রতিদিন স্ক্যাল্পে এই জোয়ানের তেল মালিশ করুন। শ্যাম্পু করার কমপক্ষে এক ঘণ্টা আগে স্ক্যাল্প ও চুলে এই জোয়ানের তেল মাখতে পারেন।

জোয়ানের হেয়ার মাস্ক

২ চামচ জোয়ানের দানা নিয়ে মিক্সারে ভালো করে গুঁড়ো করে নিন। এবার ১/২ কাপ টক দইয়ের সঙ্গে জোয়ানের গুঁড়া ও ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল হেয়ার মাস্ক। এই হেয়ার মাস্ক পরিষ্কার চুলে মাখবেন। ময়লা থাকলে জোয়ানের পুষ্টিগুণ স্ক্যাল্প পর্যন্ত পৌঁছাবে না। স্ক্যাল্প ও চুলে এই জোয়ানের হেয়ার মাস্ক মেখে ৩০ মিনিট বসে থাকুন। এরপর হালকা শ্যাম্পু ও কুসুম গরম পানি দিয়ে মাথা ধুয়ে নিন। সপ্তাহে একবার করে এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।

জোয়ানের পানি

হাতের কাছে কোনো সামগ্রী না থাকলে জোয়ানের পানি বানিয়ে মাথা ধুয়ে নিন। ২ কাপ পানিতে ১ চামচ জোয়ান মিশিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। পরে এই পানি ছেঁকে নিন। এবার শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পর এই জোয়ানের পানি চুলে ঢালুন। জোয়ানের পানি দিয়ে ভালো করে চুল ও স্ক্যাল্পে ধুয়ে নেবেন। এতেই উপকার মিলবে।

তবে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই রূপ বিষেজ্ঞদের পরামর্শ নিতে হবে।

সূত্র: এই সময়

   

About

Popular Links

x