Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মানসিক চাপ সামলে সুস্থ থাকতে ৩টি সহজ ব্যায়াম

অতিরিক্ত চাপ আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতির অন্যতম বড় কারণ

আপডেট : ০৯ মে ২০২৫, ০৭:০৫ পিএম

আজকালকার ব্যস্ত জীবনে মানসিক চাপ সকলের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমন চাপ সব বয়সের মানুষকে প্রভাবিত করে। কাজের চাপ, আর্থিক উদ্বেগ বা সম্পর্কের সমস্যা; মানসিক চাপের পেছনে যেকোনো কারণ থাকতে পারে।

উদ্বেগের বিষয় হলো, অতিরিক্ত চাপ আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। আপনি যদি অতিরিক্ত চাপ অনুভব করেন, তাহলে মন শান্ত করার জন্য এই তিনটি ব্যায়াম দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন। এই ব্যায়াম আপনার মনকে শান্ত করবে। সহজ ব্যায়ামগুলো স্বাভাবিকভাবেই চাপ কমানোর সহজ এবং কার্যকর উপায়।

মন শান্ত করার জন্য তিনটি ব্যায়াম

গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম

গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে প্রথমে একটি শান্ত জায়গায় বসে চোখ বন্ধ করুন। এরপর, নাক দিয়ে ৪ সেকেন্ডের জন্য গভীর শ্বাস নিন, ৪ সেকেন্ড ধরে রাখুন এবং তারপর ৬ সেকেন্ডের মধ্যে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এইভাবে, এই ব্যায়ামটি ৫-১০ বার পুনরাবৃত্তি করুন। গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া মানসিক চাপ কমিয়ে মনকে শান্ত করে। সকালে অথবা রাতে ঘুমানোর আগে গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা উচিত।

যোগ নিদ্রা

যোগ নিদ্রা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার একটি অত্যন্ত কার্যকর উপায়। এটি এক ধরনের যোগব্যায়াম যা ধ্যান এবং শরীর শিথিল করে করা যায়। নিয়মিত যোগ নিদ্রা অনুশীলন মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতা কমাতে সাহায্য করে। এটি করার জন্য, প্রথমে শবাসনে আরাম করে শুয়ে পড়ুন। এরপর চোখ বন্ধ করে শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ দিন। ধীরে ধীরে আপনার শরীরের বিভিন্ন অংশের ওপর মনোযোগ দিন এবং সেগুলো শিথিল করুন। যোগ নিদ্রা উদ্বেগ এবং অনিদ্রা কমায়।

স্ট্রেচিং

স্ট্রেচিং সেরোটোনিনের মাত্রা বাড়ায়। সেরোটোনিন এমন একটি হরমোন যা মন প্রফুল্ল করতে, চাপ কমাতে এবং বিষণ্ণতা ও উদ্বেগ কমাতে সাহায্য করে। স্ট্রেচিং শুরু করার আগে, ৫ থেকে ১০ মিনিট হালকা কাজ করুন, যেমন জগিং বা হাঁটা। ধীরে ধীরে আপনার ঘাড় ঘোরান অথবা কাঁধ ওপরে নিচে নামান। প্রতিটি স্ট্রেচ ১৫-২০ সেকেন্ড ধরে করুন। এটি শারীরিক চাপ কমিয়ে মনকে শিথিল করে। এ ব্যায়াম সকালে অথবা অফিসের বিরতির সময়ও করা যেতে পারে।

 

   

About

Popular Links

x