যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে “টার্গেট” নামের বিপণন প্রতিষ্ঠানের একটি স্টোরে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে অস্টিন পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে রিসার্চ বুলেভার্ডে অবস্থিত টার্গেট স্টোরে গুলি চালানোর খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। যার গাড়ি ছিনতাই করে হামলাকারী পালিয়ে যান, নিহতদের মধ্যে তিনিও রয়েছেন ।
পুলিশ জানায়, গুলি চালানোর পর ৩২ বছর বয়সী ওই সন্দেহভাজন হামলাকারী প্রথমে টার্গেট স্টোরের পার্কিং লট থেকে একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যান। পরে ওই এলাকা থেকে কিছু দূরে গিয়ে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এরপর তিনি একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করেন।
পুলিশ সন্দেহভাজনকে হিসেবে শেতাঙ্গ একজন পুরুষকে শনাক্ত করে, যার পরনে ছিল শর্টস ও হাওয়াইয়ান ফুলের নকশার শার্ট। বন্দুক হামলার পর ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং ওই ব্যক্তির কাছাকাছি না যেতে স্থানীয়দের সতর্ক করা হয়। পরে শহরের দক্ষিণাঞ্চলে তাকে গাড়ি থেকে নেমে পালাতে দেখা যায়। এসময় ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানালে, সেখানে গিয়ে অস্টিন পুলিশ হামলাকারীকে ধরে ফেলে।
বন্দুক হামলা ও প্রাণহানির এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে কেনাকাটার মৌসুম চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দোকানের পার্কিং লটে বিপুল সংখ্যক পুলিশ ও জরুরি সেবা কর্মী ছুটে যাচ্ছেন।
পুলিশ এখনও হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানাতে পারেনি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



