Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গত পাঁচ বছরে ভারত ভ্রমণে দ্বিতীয় সর্বাধিক বাংলাদেশি পর্যটক

ভারত সরকারের প্রকাশিত বিদেশি পর্যটক আগমনের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১২:২৬ পিএম

ভারত ভ্রমণে বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিরা দ্বিতীয় স্থানে রয়েছেন। গত পাঁচ বছরের বিদেশি পর্যটক আগমনের (এফটিএ) তালিকায় এ তথ্য জানায় ভারত সরকার। শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই তথ্য উপস্থাপন করেন।

সোমবার (১৮ আগস্ট) সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারত ভ্রমণে শীর্ষ ১০ দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, জার্মানি, ফ্রান্স ও সিঙ্গাপুর।

বছরভিত্তিক হিসাবে দেখা যায়, ভারতে বিদেশি পর্যটক আগমন ছিল ২০২০ সালে ২৭.৪৫ লাখ, ২০২১ সালে ১৫.২৭ লাখ, ২০২২ সালে ৬৪.৩৭ লাখ, ২০২৩ সালে ৯৫.২১ লাখ এবং ২০২৪ সালে ৯৯.৫২ লাখ। অন্যদিকে আন্তর্জাতিক পর্যটক আগমন ছিল যথাক্রমে ৬৩.৩৭ লাখ, ৭০.১০ লাখ, ১৪৩.৩০ লাখ, ১৮৮.৯৯ লাখ এবং ২০৫.৬৯ লাখ।

গজেন্দ্র সিং শেখাওয়াত আরও জানান, ২০২০ এবং ২০২৩ সালে ভারত ভ্রমণে শীর্ষে ছিল বাংলাদেশ। তবে ২০২১, ২০২২ এবং ২০২৪ সালে এ স্থান দখল করে যুক্তরাষ্ট্র। শীর্ষ পাঁচ দেশের বাকি তিনটি হলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ করে দেয়। পরে জরুরি বিবেচনায় সীমিত আকারে ভিসা দেওয়া শুরু হয়। দুই দেশের টানাপোড়েনের মধ্যেও ভারত ভ্রমণে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে।

   

About

Popular Links

x