Tuesday, August 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফের বাড়লো জ্বালানি তেলের দাম

১ দিন আগে দাম এক সপ্তাহের সর্বনিম্নে নেমেছিল

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৪:৫৮ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ পরিসমাপ্তি এবং কূটনৈতিক আলোচনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) মধ্যপ্রাচ্য থেকে বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় এক শতাংশ পর্যন্ত বেড়েছে।

আন্তর্জাতিক তেল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.১২ ডলার বেড়ে ৮৪.৮৯ ডলারে পৌঁছেছে। এর আগের কার্যদিবসেই ব্রেন্ট ক্রুডের দাম প্রায় সাত শতাংশ কমে গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছিল।

অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭৭ সেন্ট বা এক শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮১.১১ ডলারে দাঁড়িয়েছে। আগের দিন এই তেলের দামও পাঁচ শতাংশ কমে এক সপ্তাহের সর্বনিম্নে নেমেছিল।

বাজার বিশ্লেষণে জানা যায়, মাত্র দু’দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, ইরানের সঙ্গে বিদ্যমান সংঘাত নিরসন এবং কৌশলগত হরমুজ প্রণালি ঘিরে সামরিক উত্তেজনা কমাতে আলোচনা চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে কোনো হামলা চালাবে না। ট্রাম্পের ওই ঘোষণার পরপরই বৈশ্বিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটেছিল।

তবে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের দাবি সম্পূর্ণ প্রত্যাখান করে জানান, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো ধরনের আলোচনা চলছে না এবং ভবিষ্যতে কোনো দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনাও তাদের নেই।

তেহরানের এই কঠোর অবস্থানের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ শৃঙ্খল নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে শঙ্কা দেখা দেয়, যার সরাসরি প্রভাবে ঊর্ধ্বমুখী হয় অপরিশোধিত তেলের দাম।

   

About

Popular Links

x