বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন অনলাইন সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে ই-মেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম টিমস ও মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা ব্যবহার করতে গিয়ে যুক্তরাষ্ট্র, জাপান ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের লাখো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। রয়টার্স ও সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে মাইক্রোসফটের এসব সেবা বিঘ্নিত হয়। এমনকি এর প্রভাব পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিকের কিছু সেবাতেও।
মাইক্রোসফট জানিয়েছে, তাদের কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। শুরুতে সার্ভারগুলোর নিয়মিত ‘হেলথ চেক’ ব্যর্থ হয় এবং এর একটি অংশ অকার্যকর হয়ে পড়ে। এতে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। মূলত এক্সচেঞ্জ অনলাইন সেবার সঙ্গে সংযোগ স্থাপনে সমস্যা হওয়ায় মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবা ব্যাহত হয়। ব্যবহারকারীরা আউটলুকের ই-মেইল ও ক্যালেন্ডারের তথ্য দেখতে এবং কিছু ফাইল ব্যবহারে সমস্যায় পড়েন। এছাড়া মাইক্রোসফটের এআই সেবা ‘কোপাইলট’-ও ঠিকমতো কাজ করছিল না।
ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে বিশ্বজুড়ে শুধু আউটলুকের সমস্যা নিয়ে অভিযোগের সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজারে পৌঁছায়। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের দিকে এ বিপর্যয় শুরু হয় এবং একপর্যায়ে আউটলুক ব্যবহারে ১ লাখ ৩০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে।
মাইক্রোসফটের এই সেবা বিপর্যয়ের প্রভাব পড়েছে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপরও। চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের সেবার সঙ্গে সংযোগে সমস্যা হওয়ায় তাদের কিছু টুল প্রত্যাশা অনুযায়ী কাজ করছিল না। অন্যদিকে, অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টরের সঙ্গে সম্পর্কিত সমস্যার উৎস ছিল তৃতীয় একটি সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান।
মাইক্রোসফটের সেবার ওপর নির্ভরশীল বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক ট্রাক নির্মাতা ওয়ার্কহর্স গ্রুপের গত বৃহস্পতিবার তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশের কথা থাকলেও এই বিপর্যয়ের কারণে তা পিছিয়ে আগামী ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়।
পরিস্থিতি সামাল দিতে মাইক্রোসফট দ্রুত কাজ শুরু করে। এক্সে (সাবেক টুইটার) দেওয়া একাধিক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, সেবা স্বাভাবিক করার কাজে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো পুনরায় সচল করা এবং বিকল্প পথে ইন্টারনেট ট্রাফিক পরিচালনা করে বাকি সার্ভার চালুর কাজ করা হয়। তবে সার্ভার সচল হওয়ার পরও সব সেবা পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে সতর্ক করা হয়।
এদিকে মাইক্রোসফটের সেবা বিপর্যয়ে দাপ্তরিক কাজ ব্যাহত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের করপোরেট প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী আউটলুক ও টিমস অচল থাকায় কাজের চাপ থেকে সাময়িক স্বস্তি পাওয়ার কথা জানান। এক ব্যবহারকারী এক্সে লিখেছেন, ‘আউটলুক নেই, টিমস নেই... তাহলে আমরা সবাই বাড়ি চলে যাই না কেন?’ এ ঘটনা বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন যোগাযোগ ও দাপ্তরিক কাজে মাইক্রোসফট সেবার ওপর নির্ভরশীলতার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে।



