আটলান্টিক মহাসাগরের আজোরেস দ্বীপপুঞ্জের কাছে প্রায় চার হাজার বিলাসবহুল যানবাহন বহনকারী একটি পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পানামার পতাকাবাহী “দ্য ফেলিসিটি এইস” নামের কার্গো জাহাজটিতে আগুন লাগে।
পর্তুগালের নৌবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার জাহাজটির ২২ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে তাদের নিকটবর্তী পর্তুগিজ দ্বীপ ফায়েলে নিয়ে যাওয়া হয়েছে।
সাড়ে ৬০০ ফুট উচ্চতার ও ৬০ হাজার টন ওজনের পণ্যবাহী জাহাজটিতে এক হাজার ১০০টি পোর্শে, তিন হাজার ৯৬৫টি ভক্সওয়াগেন এজি, ল্যাম্বোরগিনি ও অডি’র মতো চার হাজারেরও বেশি বিলাসবহুল গাড়ি ছিল।
জাহাজের ট্র্যাকিং অনুসারে, জার্মানির এমডেন থেকে রওনা হওয়া হওয়া জাহাজটির কার্গো হোল্ডে বুধবার সকালে আগুন লাগে।
তবে, সাগরে গাড়িবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা এটিই প্রথম নয়। ২০১৯ সালে আগুন লেগে একটি মার্কিন কার্গো জাহাজ দুই হাজারেরও বিলাসবহুল গাড়িসহ ডুবে গিয়েছিল।



