Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাবলো এসকোবারের জলহস্তী ভারত-মেক্সিকোকে দেবে কলম্বিয়া

শখের বশে আশির দশকে অবৈধভাবে আফ্রিকা থেকে চারটি জলহস্তী এনেছিলেন এসকোবার, পরে এগুলো কলম্বিয়ায় বংশবিস্তার করে

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১০:৫৮ পিএম

কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবারের শখের বসে পালিত জলহস্তীগুলো ভারত ও মেক্সিকো স্থানান্তরের পরিকল্পনা চলছে বলে জানিয়েছে কলম্বিয়া।

কর্তৃপক্ষ জানায়, আপাতত ৭০টি জলহস্তী দেশ দুটির চিড়িয়াখানা ও অভয়ারণ্যে পাঠানো হবে। এরমধ্যে ভারতে ৬০টি আর মেক্সিকোতে ১০টি পাঠানো হবে।

শখের বশে আশির দশকে অবৈধভাবে আফ্রিকা থেকে চারটি জলহস্তী এনেছিলেন এসকোবার। সেখানেই এগুলো বংশবিস্তার করে।

১৯৯৩ সালে পুলিশের গুলিতে নিহত হওয়ার পর এসকোবারের খামারবাড়ি পর্যটনকেন্দ্রে পরিণত হয়। খামারবাড়ি পরিত্যক্ত হয়ে গেলে জলহস্তীরা অবাধে বংশবিস্তার করে।

এখন তাদের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে, যা এখন কলম্বিয়া সরকারের মাথাব্যথার কারণ।

২০২২ সালে জলহস্তীগুলোকে বিষাক্ত ও আক্রমণাত্মক প্রজাতি হিসেবে ঘোষণা করে কলম্বিয়া।

বিশাল আকৃতির একেকটি জলহস্তীর ওজন প্রায় তিন টন।

পরিকল্পনা অনুযায়ী, জলহস্তীগুলোকে খাবারের লোভ দেখিয়ে বড় আকারের লোহার খাঁচায় আটকে ট্রাকে করে বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে উড়োজাহাজে করে ভারত ও মেক্সিকোর পশু অভয়ারণ্য ও চিড়িয়াখানায় পাঠানো হবে।

সূত্র বলছে, যেসব জলহস্তী খামারবাড়ির বাইরে বাস করছে মূলত সেগুলোকেই স্থানান্তর করা হবে। কারণ সেগুলো বড় ধরনের হুমকি।

ভারত ও মেক্সিকোয় পাঠানোর পর কিছু জলহস্তী ইকুয়েডরেও পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া বতসোওয়ানা এবং ফিলিপাইনও কলম্বিয়ার জলহস্তী নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।

   

About

Popular Links

x