আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকোর এক টুইটে জানান, সোমবার (২৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি ব্যবসা কেন্দ্রের সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীকে সনাক্ত করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, মন্ত্রণালয়ের কাছে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। আহতদের মধ্যে তালেবান নিরাপত্তা বাহিনীর অন্তত তিন সদস্য রয়েছেন।
দুজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, তারা বেশ কয়েকটি সরকারি ভবন এবং বিদেশি দূতাবাস নিয়ে গঠিত সুরক্ষিত এলাকার কাছে একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণস্থলের দিকে যাওয়ার সমস্ত পথ পুলিশ ঘিরে রেখেছে।
তিন মাসেরও কম সময়ের মধ্যে কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এটি দ্বিতীয় হামলা। এছাড়া পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর এই প্রথম হামলার ঘটনা ঘটলো।



