গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানের একটি এতিমখানা থেকে আটকে পরা ৩০০ শিশুকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকটি নবজাতকও রয়েছে।
রেড ক্রসের ইন্টারন্যাশনাল কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (৮ জুন) খার্তুমের আল মায়কোমা এতিমখানা থেকে তাদের উদ্ধার করা হয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জানান, খার্তুমের আল মায়কোমা এতিমখানার অন্তত ৩০০ শিশুকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
তিনি বলেন, “সুদানের সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্য মন্ত্রণালয় এই শিশুদের দায়িত্ব নিয়েছে। তাদের চিকিৎসা সেবা, খাদ্য, শিক্ষামূলক কার্যক্রম এবং খেলাসহ মানবিক সহায়তা প্রদান করছে ইউনিসেফ।”
ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে রাজধানী খার্তুমে সহিংস সংঘর্ষ শুরু হয়। সে থেকে রাজধানীর এই এতিমখানাটিতে আটকা পড়ে ৭১ জন শিশুর মৃত্যু হয়। আল মায়কোমা এতিমখানার ট্র্যাজেডিটি গত মাসের শেষের দিকে সংবাদের শিরোনাম হয়েছিল।
সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে আরএসএফ বাহিনীর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত কয়েক”শ মানুষ নিহত হয়। দেশ ছেড়ে পালিয়ে অন্যত্র চলে গেছেন লাখ লাখ মানুষ। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে অনেক মানুষ।
রেড ক্রসের ইন্টারন্যাশনাল কমিটি বলেছে, ১ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের খার্তুমের দক্ষিণ-পূর্বে জাজিরা প্রদেশের রাজধানী মাদানিতে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের দেখভালের জন্য ৭০ জন তত্ত্বাবধায়ক দেওয়া হয়েছে।
সুদানে আইসিআরসি প্রতিনিধি দলের প্রধান জিন-ক্রিস্টোফ স্যান্ডোজ বলেন, “তারা (শিশুরা) এমন একটি এলাকায় কঠিন মুহূর্ত কাটিয়েছে যেখানে গত ৬ সপ্তাহ ধরে সংঘাত চলছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি কঠিন পরিস্থিতি।”



