Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেক্সিকোয় গির্জার ছাদ ধসে নিহত অন্তত ৭

  • এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন
  • মৃতেরে সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০১:০৩ পিএম

মেক্সিকোর তামাউলিপাসে গির্জার ছাদ ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন। 

রবিবার (১ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। মেক্সিকোর তামাউলিপাস প্রদেশ সরকারের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে বলা হয়, ছাদ ধসে পড়ার ঘটনায় ভেতরে বেশ কিছু লোক আটকে পড়েছেন। তাদের উদ্ধারে জোর তৎপরতা চলছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার সময় সেখানে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। এই ঘটনায় অন্তত ২০ ব্যক্তি নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন।

নিকটস্থ সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, ছাদ ধসে পড়ার মুহূর্তে গির্জার ভবনটি ধুলোর মধ্যে অদৃশ্য হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্যাম্পিকোর ডায়োসিসের বিশপ হোসে আরমান্দো আলভারেজ ক্যানো বলেন, “আমরা খুব কঠিন একটি সময় পার করছি। ইউক্যারিস্ট উদযাপনের সময় একটি গির্জার ছাদ ধসে পড়েছে।”

বিস্তারিত কিছু না জানালেও তিনি বলেন, “এ মুহূর্তে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের খুঁজে বের করার কাজ চলছে।”

মিলেনিও টেলিভিশন নামের এক টিভি চ্যানেলকে রেডক্রসের এক উদ্ধারকারী বলেন, “মৃতের সংখ্যা বাড়তে পারে। কারণ ছাদ ধসে পড়ার সময় গির্জায় ৮০ জন মানুষ উপস্থিত ছিলেন।”

টিভি চ্যানেলটিতে দেখা যায়, কয়েকজন গির্জার ধসে পড়া কাঠামোর কিছু অংশ খুঁটি দিয়ে ধরে রাখার চেষ্টা করছে এবং আশপাশের লোকরা ধ্বংসস্তূপের চারপাশে ভিড় জমিয়ে ভেতরে আটকে পড়া মানুষদের জন্য মরিয়া হয়ে অনুসন্ধান চালাচ্ছে।

এছাড়া, ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করতে লোকজন বেলচা ও পিক্যাক্স নামে পরিচিত কুঠার জাতীয় জিনিস নিয়ে সেখানে হাজির হয়েছে বলেও জানা যায়।

ঘটনাস্থলে উৎসুক জনতার সবাইকে নীরবতা বজায় রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কারণ আটকে থাকা ব্যক্তিদের মধ্যে কেউ সাহায্যের জন্য শব্দ করলে যেন তা স্পষ্ট শোনা যায়।

তামাউলিপাসের গভর্নর অ্যামেরিকো ভিলারিয়াল এক্সে (সাবেক টুইটার) বলেন, “উদ্ধারপরিকল্পনা সমন্বয়ের জন্য পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই নিরাপত্তা ও বেসামরিক সুরক্ষা বাহিনী কাজ করছে।”

গির্জার ছাদ ধসে পড়ে অনেক লোকের নিহত ও আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এক বার্তা দিয়েছে মেক্সিকোর আর্চডায়োসিস।

   

About

Popular Links

x