Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তানে ‘ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়’ দুই শিশুর মৃত্যু

দেশ দুটির মধ্যে প্রায় ৯০০ কিলোমিটার সীমানা রয়েছে। দীর্ঘদিন ধরে এই সীমানার নিরাপত্তা দুই দেশের উদ্বেগের কারণ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৮:২৫ পিএম

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে এশিয়ার অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ ইরানের বিরুদ্ধে। এ হামলায় দুই শিশুর মৃত্যু এবং তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে ইসলামাবাদ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) পাকিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিম প্রদেশের একটি গ্রামে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে ইরানের দাবি, জঙ্গিগোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।

অন্যদিকে এই হামলাকে “বেআইনি কর্মকাণ্ড” বলে উল্লেখ করে পাকিস্তান বলেছে এটি “সংকটজনক ফল” ডেকে আনতে পারে।

এই নিয়ে গত কিছুদিনের মধ্যে তৃতীয় দেশ হিসেবে ইরানের হামলার শিকার হলো পাকিস্তান। এর আগে ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দপ্তর ও সিরিয়ায় আইএস এর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান।

হামলার ঘটনায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং এর পরবর্তী ফলাফলের দায় ইরানকেই নিতে হবে।

পাকিস্তান ও ইরানের মধ্যে প্রায় ৯০০ কিলোমিটার সীমানা বিদ্যমান। দীর্ঘদিন ধরে এই সীমানার নিরাপত্তা দুই দেশের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সীমান্তবর্তী এসব অঞ্চলে জনবসতি তুলনামূলক অনেক কম। অল্প জনবসতিপূর্ণ এসব অঞ্চলে দীর্ঘদিন ধরে সশস্ত্র বিছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সাথে যুদ্ধ করে আসছে পাকিস্তান ও ইরান। এর মধ্যে জইশ আল আদলও অন্যতম।

গত মাসে এই সীমান্তের কাছাকাছি এলাকায় একটি হামলার ঘটনায় দশজনেরও বেশি ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হন। তেহরান ওই ঘটনার জন্য জঙ্গিগোষ্ঠী জইশ আল আদলকেই দায়ী করে আসছিল।

সে সময় ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদি দাবি করেছিলেন, হামলায় অভিযুক্ত জঙ্গিরা পাকিস্তান থেকে তার দেশে প্রবেশ করে হামলা চালিয়েছিল।

মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যমতে, জইশ আল আদল হলো সবচেয়ে সক্রিয় এবং প্রভাবশালী সুন্নি জঙ্গিগোষ্ঠী। যারা মূলত তাদের প্রভাব বিস্তার করেছে সিস্তান ও বেলুচিস্তানে।

   

About

Popular Links

x