স্বপ্ন পূরণ করার জন্য অনেকেই টাকা সঞ্চয় করে থাকেন। তবে ভারতের জয়পুরের এক যুবক মোটরবাইক কেনার স্বপ্নপূরণের জন্য যে উপায়ে টাকা জমিয়েছেন, সেই ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ওই এক ব্যক্তি এক লাখ টাকা দামের স্কুটার কিনেছেন ১০ টাকার কয়েন জমিয়ে। গত কয়েক বছর ধরেই ১০ টাকার কয়েন জমান তিনি। আর সেই জমানো কয়েন দিয়েই সম্প্রতি স্বপ্নপূরণ করেছেন তিনি।
সম্প্রতি ওই ঘটনা এক্সে প্রকাশ করেন আথার এনার্জির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) তরুণ মেহতা।
তিনি জানান, ওই ব্যক্তি আথার ৪৫০ মডেলের একটি স্কুটার কেনেন। এটির দাম ছিল এক লাখ রুপির মতো। তিনি ওই অর্থ পরিশোধ করেন কয়েনে।
পোস্টের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেন তিনি। যেখানে দেখা যায়, ওই ব্যক্তি ই-স্কুটারের একটি বিশাল রেপ্লিকা চাবি ধরে আছেন। সঙ্গে দাঁড়িয়ে আরও কয়েকজন। আর তাদের সামনে রাখা টেবিলে রাখা কয়েন ভর্তি অসংখ্য কয়েন।
কয়েকদিন আগে করা পোস্টটি এরইমধ্যে ৪৪,০০০ এর বেশি ভিউ পেয়েছে। অনেকেই জানিয়েছেন নানা মন্তব্য।
একজন যেমন লিখেছেন, ‘‘এই কয়েন গুণবে কীভাবে তারা? নাকি ওজন করে নেবে?’’
তবে এই খুচরা পয়সা দিয়ে ওই ব্যক্তি স্কুটার কিনতে সক্ষম হলেও শোরুম কর্তৃপক্ষ ওই কয়েন গুণতে গিয়ে ভোগান্তির মুখে পড়েন। কিন্তু তা সত্ত্বেও শোরুম ম্যানেজার তাকে তার পছন্দের বাইক দেন।
ভারতে এমন ঘটনা এই প্রথম নয়। ২০২৩ সালেও বস্তায় কয়েন এনে একটি বাইক কিনেছিলেন। ৫-৬ বছর ধরে ১, ২ ও ৫ টাকার কয়েন জমিয়েছিলেন তিনি।
২০২২ সালে আসামের আরেক ব্যক্তি একটি স্কুটার কেনার জন্য বস্তাভর্তি কয়েন এনেছিলেন।



