ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জার্মানির “ইসলামিক সেন্টার ফ্যুয়র্স্টেনভাল্ডে” বা আইজেডএফকে নিষিদ্ধ করা হয়েছে৷ দেশটির ব্রান্ডেনবুর্গ রাজ্যের অবস্থিত কেন্দ্রটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কেন্দ্র থেকে আল-সালাম নামের একটি মসজিদ পরিচালনা করা হতো৷
রাজ্য পুলিশ জানিয়েছে, অভিযানের সময় ঐ কেন্দ্র থেকে একটি ল্যাপটপ ও বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে। এছাড়াও কেন্দ্রটিতে অবস্থিত মসজিদের ইমামদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে৷
হামাসের পাশাপাশি মিশরের মুসলিম ব্রাদারহুডের সঙ্গেও “আইজেডএফ” এর সংশ্লিষ্টতা আছে বলে জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী স্ট্যুবগেন। তিনি বলেন, “সংগঠনটি মুক্ত গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কাজ করে, ইহুদিবিদ্বেষী আখ্যান ছড়ায় এবং ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে অস্বীকার করে৷ আমরা এসব মেনে নিতে পারি না।”
জার্মানি, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ আরও কয়েকটি দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে৷
এর আগে জুলাই মাসে হামবুর্গ ইসলামিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়৷ এটি ইরান ও হেজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি “ইসলামি জঙ্গি সংগঠন” বলে অভিযোগ করা হয়েছে৷



