Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

লেবাননের উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৮

ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘাতে লেবাননে এখন পর্যন্ত ১,৩০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১০:১৩ পিএম

লেবাননের উত্তরাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) খ্রিস্টান অধ্যুষিত জাঘারতা জেলার আইতো গ্রামে এই হামলার ঘটনা ঘটে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলি এই তথ্য নিশ্চিত করেছে।

লেবানিজ রেড ক্রস জানিয়েছে, হামলায় ১৮ জন নিহত ও চারজন আহত হয়েছেন। আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছিল, হামলায় ৯ জন নিহত হয়েছেন। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, হামলায় একটি আবাসিক ভবনকে নিশানা বানানো হয়েছে।

সম্প্রতি উত্তর লেবাননের শিয়া-প্রধান অঞ্চলগুলোতে ইসরায়েলি হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্তিশালী অবস্থান রয়েছে। এএফপির একজন আলোকচিত্রী হামলার স্থলে গিয়ে দেখেছেন যে, আবাসিক ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং মরদেহের অংশ ধ্বংসস্তূপের মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রেড ক্রসের স্বেচ্ছাসেবীরা বেঁচে থাকা ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছেন।

গাজার যুদ্ধের প্রায় এক বছর পর ২৩ সেপ্টেম্বর প্রথমবারের মতো লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এ হামলায় বেসামরিক হতাহতের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘাতে লেবাননে এখন পর্যন্ত ১,৩০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

   

About

Popular Links

x