Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

দিল্লির ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি

ই-মেইলের মাধ্যমে দেওয়া এই হুমকির পরপরই শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পিএম

ভারতের রাজধানী দিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে দেওয়া এই হুমকির পরপরই শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির হাতে আসা ই-মেইলের অনুলিপি অনুযায়ী, রবিবার রাত ১১টা ৩৮ মিনিটে ই-মেইলটি পাঠানো হয়। ওই মেইলে দাবি করা হয়েছে, ভবনের ভেতরে একাধিক বোমা রাখা হয়েছে। বোমাগুলো ছোট, আর খুব সূক্ষ্মভাবে লুকানো আছে।

দিল্লির যে ৪৪টি স্কুলে এই হুমকি দেওয়া হয়েছে তার মধ্যে পশ্চিম বিহারের ডিপিএস আর কে পুরম এবং জিডি গোয়েঙ্কা স্কুল আছে। হুমকিদাতা বোমা নিষ্ক্রিয় করার কথা বলে ৩০ হাজার ডলার দাবি করেছে।

প্রেরক লিখেছেন, “বোমা বিস্ফোরিত হলে ভবনের খুব বেশি ক্ষতি হবে না, তবে তাতে অনেক মানুষ আহত হবে। আপনারা সবাই পরিণতি ভোগ এবং অঙ্গ হারানোর প্রাপ্য।”

এনডিটিভি লিখেছে, ইমেইলটি যে আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে, দিল্লি পুলিশ তা তদন্ত করে দেখছে এবং ই-মেইলের প্রেরককেও খুঁজছে।

এনডিটিভি জানিয়েছে, সোমবার সকালে যখন শিক্ষার্থীরা স্কুলে আসছিল, আর কর্মীরা সকালের অ্যাসেম্বিলির জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন ওই সতর্কবার্তা আসে। সকাল ৬টা ১৫ মিনিটের দিকে (স্থানীয় সময়) দিল্লি ফায়ার সার্ভিস প্রথম কল পায় জিডি গোয়েঙ্কা স্কুল থেকে। এরপর সকাল ৭টা ৬ মিনিটের দিকে ডিপিএস আর কে পুরম থেকে একই বিষয়ে আরেকটি কল আসে।

ডগ স্কোয়াড, বোমা শনাক্তকারী দল এবং স্থানীয় পুলিশসহ দমকল কর্মীরা স্কুলে পৌঁছে তল্লাশি অভিযান চালিয়েছেন। এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

   

About

Popular Links

x