Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের পর ১৮৫ বার আফটারশক!

ভূমিকম্পে ২৩৬ জন আহত হয়েছেন

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৯:০১ পিএম

তুরস্কের ইস্তাম্বুলে রিখটার স্কেলে ৬.২ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর অন্তত ১৮৫টি আফটারশকে কেঁপে উঠেছে ইস্তাম্বুল অঞ্চল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, বুধবার তুরস্কের বৃহত্তম শহরটির দক্ষিণে মর্মর সাগরে ছিল এ ভূমিকম্পের উৎসস্থল।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সির (এএফএডি) উদ্ধৃতি দিয়ে জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম “রোয়া নিউজ” জানিয়েছে, বুধবারের ভূমিকম্পের পর থেকে তুরস্কে ১৮৫টিরও বেশি আফটারশক হয়েছে।

এক এক্স পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বুধবার ইস্তাম্বুলের স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে ৬.২ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। কম্পনটি ১৩ সেকেন্ড স্থায়ী ছিল। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭ কিলোমিটার গভীরে।

পোস্টে তিনি আরও জানান, শক্তিশালী ওই ভূমিকম্পের পরপর স্থানীয় সময় বেলা ৩টা ১২ মিনিটের মধ্যে ৫১ বার আফটারশক হয়েছে। এরমধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি রিখটার স্কেলে ৫.৯ মাত্রার ছিল।

তবে বৃহস্পতিবার রোয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত দেশটিতে ১৮৫টিরও বেশি আফটারশক হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর এবং শহরের ভবনগুলো কেঁপে ওঠার সময় লোকজনকে ভবনগুলো ছেড়ে বেরিয়ে আসতে দেখা গেছে।

এক এক্স পোস্টে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কোকা মেমিসোগলু লিখেছেন, ভূমিকম্পে ২৩৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৭৩ জন ইস্তাম্বুলের। অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার সীমান্ত এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে তুরস্কে ৫৩ হাজারের বেশি এবং সিরিয়ায় আরও ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

   

About

Popular Links

x