ইসরায়েল অধিকৃত জেরুজালেমের কাছে গতকাল বুধবার দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। এই পরিস্থিতিকে “জাতীয় জরুরি অবস্থা” ঘোষণা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে দিয়েছেন যে, দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের আগুন শহরের দিকে পৌঁছে যেতে পারে।
বৃহস্পতিবার (১ মে) ইসরায়েলের বেতশেমেশ থেকে এএফপি এ তথ্য জানিয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের কাছে মহাসড়কের ওপর ঘন ধোঁয়া দেখা গেছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ছুটে যাচ্ছেন। কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলের কারণে হাজারো বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। ইতোমধ্যে কয়েকজন আহত হয়েছেন। আগুন নেভানোর কাজে দমকল বাহিনীকে সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলের মেডিকেল সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ২৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং দগ্ধ হওয়ার কারণে অসুস্থ হয়ে পরেছেন। তাদের মধ্যে দুইজন গর্ভবতী নারী ও দুইজন এক বছরের কম বয়সী শিশু রয়েছে।
এমডিএ জানায়, সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।
নেতানিয়াহু বলেন, “পশ্চিমা বাতাস আগুনকে সহজেই (জেরুজালেমের) উপকণ্ঠের দিকে ঠেলে দিতে পারে- এমনকি শহরের দিকেও। যত বেশি সম্ভব দমকল ইঞ্জিন মোতায়েন করতে হবে। আগুনের বর্তমান সীমানার বাইরে আগুন প্রতিরোধক তৈরি করতে হবে। এখন আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি।”
পুলিশ জানিয়েছে, জেরুজালেম-তেলআভিভ মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশপাশের এলাকার হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
একজন শিক্ষার্থী ইয়োসেফ অ্যারন বলেন, “অনেক পুলিশ এসে পৌঁছেছে, অনেক অগ্নিনির্বাপক কর্মী, কিন্তু তাতে আসলে কোনো লাভ হয়নি। আগুন ইতোমধ্যেই পুরো এলাকাকে গ্রাস করে ফেলেছে।”
ইসরায়েলের দমকল প্রধান এয়াল ক্যাসপি বলেন, “আবহাওয়ার কারণে আমাদের বিমানগুলো এখন কিছুই করতে পারছে না। আমাদের লক্ষ্য এখন জীবন বাঁচানো। আমরা সম্ভবত এক দশকে সবচেয়ে বড় আগুনের মুখোমুখি।”
পুলিশ জানিয়েছে, জেরুজালেম হিলস ও তেলআভিভের পথে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষকে ওই এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানানো হচ্ছে।”
এদিকে, দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন জানিয়েছেন, কিছু এলাকায় আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হতে পারে। তিনি বলেন, “যারা আগুন সন্ত্রাসে জড়িত থাকবে, তাদের গ্রেপ্তার করা হবে। পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে। পাঁচটি কমিউনিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। উচ্চ তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, “সন্ধ্যায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানগুলো বাতিল করা হয়েছে, যাতে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন মোকাবেলায় মোতায়েন করা যায়।”
পুলিশ জানিয়েছে, পূর্ব জেরুজালেমের এক বাসিন্দাকে দক্ষিণ অংশে একটি মাঠে আগুন লাগানোর চেষ্টা করার সময় গ্রেপ্তার করা হয়েছে।
ইসরায়েল ইতোমধ্যে গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি ও বুলগেরিয়ার সঙ্গে সহায়তার জন্য যোগাযোগ করেছে।



