Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পঞ্চাশোর্ধ্ব হয়েও ৩১ বার এভারেস্ট জয় করে রেকর্ড গড়লেন কামি রিতা

২৯ বার এভারেস্ট জয় করে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন পাসাং দাওয়া

আপডেট : ২৭ মে ২০২৫, ০৫:৩৫ পিএম

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের রেকর্ডকে প্রতিনিয়ত অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন “এভারেস্ট ম্যান” খ্যাত নেপালের কামি রিতা শেরপা।

মঙ্গলবার (২৭ মে) তিনি ৩১তম বার এভারেস্টের চূড়ায় উঠে ভেঙেছেন গত বছর গড়া নিজের রেকর্ড।

এভারেস্টের উচ্চতা ৮,৮৪৯ মিটার (২৯ হাজার ৩২ ফুট)। ১৯৯৪ সালে কামি রিতা প্রথমবারের মতো এভারেস্টের চূড়ায় ওঠেন। তার পর থেকে তিন বছর বাদে প্রতিবছরই তিনি এভারেস্ট জয় করেছেন। মাঝখানে যে ৩ বছর তিনি এভারেস্টে যেতে পারেননি, ওই সময় বিভিন্ন কারণে এভারেস্টে আরোহণ বন্ধ ছিল। এছাড়াও গত বছর মে মাসে তিনি দুবার এভারেস্টের চূড়ায় ওঠেন।

“এভারেস্ট ম্যান” খ্যাত কামি রিতার বয়স এখন ৫৫ বছর। এক বিবৃতিতে কর্মকর্তারা বলেন, “এ বছর তিনি প্রথাগত দক্ষিণ-পূর্ব চূড়াপথ ধরে ভারতীয় সেনাবাহিনীর ২২ সদস্যের একটি দলকে এভারেস্টের চূড়ায় নিয়ে গেছেন। দলটির সঙ্গে আরও ২৭ জন শেরপাও রয়েছেন।”

কামি রিতা সেভেন সামিট ট্রেক কোম্পানির হয়ে কাজ করেন। প্রতিষ্ঠানটির পরিচালক পাসাং ফুরবা বলেন, “তিনি (কামি রিতা) একজন খুবই উজ্জীবিত পর্বতারোহী। এভারেস্ট জয় করার পর কামি রিতা তার দল নিয়ে নিচে নেমে আসছেন।”

সবচেয়ে বেশি এভারেস্ট জয়ের তালিকায় কামি রিতার পরই রয়েছেন আরেক শেরপা পাসাং দাওয়া। তিনি সবচেয়ে বেশি ২৯ বার এভারেস্টের চূড়ায় ওঠেছেন।

এছাড়াও শেরপা না হয়েও এমন ব্যক্তিদের মধ্যে ব্রিটিশ গাইড কেন্টন কুল সর্বোচ্চ ১৯ বার এভারেস্টের চূড়ায় ওঠেছেন। তার পরই ১৫ বার করে এভারেস্ট জয় করেছেন মার্কিন পর্বতারোহী ডেভ হান ও গ্যারেট ম্যাডিসন।

নেপালে শেরপাদের পারিবারিক আয়ের গুরুত্বপূর্ণ উৎস বিদেশি পর্যটকদের পথ দেখিয়ে এভারেস্টের চূড়ায় নিয়ে যাওয়া।

সূত্র: বিবিসি

   

About

Popular Links

x