স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর ফার্মেসি বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফার্মাসিউটিক্যালস সায়েন্সেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) পূর্বাচলে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে কনফারেন্সের উদ্বোধন করা হয়।
কনফারেন্সে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত এবং নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩০ টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষাবিদ, ছাত্র-ছাত্রী এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স আয়োজন কমিটির সভাপতি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ফার্মেসি বিভাগের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এম এ রশিদ।
তিনি তার বক্তব্যে ফার্মেসি গবেষণার সাম্প্রতিক বিভিন্ন দিক এবং কনফারেন্সের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। একইসঙ্গে তিনি ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন, নোভেল ড্রাগ ডেভেলপমেন্ট, ট্র্যাডিশনাল অ্যান্ড হারবাল মেডিসিন, নিউট্রাসিউটিক্যালস, বায়োটেক প্রোডাক্টস এবং ফার্মেসি প্র্যাকটিসসহ সংশ্লিট বিষয়ে আলোকপাত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমিন। কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি ডা. এ এম শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ এবং কাঠমুন্ডূ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. পান্না থাপা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. হাসান কাওসার, ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. কোহিনূর বেগম, কনফারেন্স এর সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. মোকলেছুর রহমান সরকার, বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক মো. সাইফুল ইসলাম পাঠান, সহযোগী বিভাগীয় প্রধান মো. কামরুল ইসলামসহ ফার্মেসি বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগের প্রধানগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. এ এম শামীম চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে ফার্মাসিউটিক্যালস খাতকে টিকিয়ে রাখার জন্য গবেষণার ওপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ একটি সময়োপযোগী কনফারেন্স আয়োজনের জন্য এসইউবি ফার্মেসি বিভাগকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন।



