Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিজয় দিবসে দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ করল বিএসসি

পথ শিশু ও দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. জিয়াউল হক

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) পথ শিশু ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেন তারা।

পথ শিশু ও দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. জিয়াউল হক। 

শীতবস্ত্র বিতরণ শেষে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য” শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।

আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠানে বিএসসির নির্বাহী পরিচালক (বাণিজ্য) ও যুগ্ম সচিব ড. পীযুষ দত্ত, বিএসসির নির্বাহী পরিচালক (প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ এবং বিএসসির সচিব আবু সাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলামসহ সংস্থাটির সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উপলক্ষে সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের অংশ হিসেবে বীর প্রতীক মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী ও জামাল উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে বিএসসির এবাদতখানায় বাদ জোহর মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এছাড়া দেশের ও দেশের বাইরে অবস্থিত বিএসসির জাহাজসমূহে স্থানীয় এজেন্টদের সহায়তায় মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন বিএসসির মহাব্যবস্থাপক (প্রশাসন) ও উপ-সচিব মোহাম্মদ আশরাফুল আমিন।

   

About

Popular Links

x