বাংলাদেশের শ্রমিকরা এখন থেকে ওমানে গিয়ে কৃষি শ্রমিক ভিসায় কাজ করতে পারবেন। দেশটির কৃষি সংস্থা ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের (ওএএ) আল ধাহিরাহ শাখা ‘অনুমোদিত শ্রমিক নিয়োগ কর্মসূচির অধীনে’ এ আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট)ওএএ এর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ওমান ডেইলি অবজার্ভারের খবরে বলা হয়, ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ইস্যু করা অনুমোদনের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে নিবন্ধিত খামার মালিকরা বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য ভিসা সংগ্রহ করতে পারবেন।
আবেদন প্রক্রিয়াটি কেবল ওএএ-র আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যদের জন্যই উন্মুক্ত। আবেদনকারীদের অবশ্যই ২৫ ওমানি রিয়াল বার্ষিক সদস্যপদ ফি দিতে হবে।
পাশাপাশি তাদের কৃষি হোল্ডিং সনদ, জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের একটি বৈধ ওয়ার্ক পারমিট এবং চাষকৃত ফসল ও জমির বিস্তারিত উল্লেখসহ ২০২৬-২৭ মৌসুমের কৃষি চাষ ফরমের ফটোকপি জমা দিতে হবে।
আবেদনগুলো আগামী ৯ থেকে ২০ অগাস্ট পর্যন্ত সরকারি কর্মদিবসে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইবরির আল মুরতাফায় অবস্থিত অ্যাসোসিয়েশনের কার্যালয়ে গ্রহণ করা হবে।
তবে ওএএ বলেছে, অসম্পূর্ণ আবেদন বা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে তা বিবেচনায় নেওয়া হবে না।
এদিকে কৃষি সনদ প্রদানকারী অফিসের এক কর্মকর্তা ওমান অবজার্ভারকে বলেছেন, “নিয়োগের জন্য অনুমোদিত ৫,০০০ বাংলাদেশি কৃষি শ্রমিকের কোটা কেবল ওমানজুড়ে নিবন্ধিত কৃষি অ্যাসোসিয়েশনগুলোর সদস্যদের জন্যই সংরক্ষিত। এই কোটা বিভিন্ন এলাকার কৃষি অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে বণ্টন করা হবে। শ্রমিকদের এ কোটা আবার গভর্ননেন্ট পর্যায়ে ভাগ করা হবে। এতে করে একটি অ্যাসোসিয়েশন ৩৩০ জনের বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগ করতে পারবে।”



