Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্মরণ ও চিন্তাশক্তি শেষ করে দিতে পারে গাঁজা!

গবেষকদের মতে, গাঁজা ব্যবহারের কারণে সৃষ্ট প্রভাবগুলোর বেশিরভাগই দীর্ঘস্থায়ী এবং কিশোর-কিশোরীদের মস্তিষ্কে এগুলো দীর্ঘমেয়াদী ব্যাঘাত ঘটাতে পারে

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১০:১০ পিএম

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অনেক দেশই গাঁজাকে বৈধতা দিয়েছে। এই মাদক সামাজিকীকরণ, শরীরকে শিথিলকরণ এবং ভালো ঘুমের একটি গ্রহণযোগ্য উপায় হিসেবে বিবেচ্য হচ্ছে সেসব দেশে।

তবে, গাঁজা মস্তিষ্কের ওপর কী প্রভাব ফেলতে পারে তা সমাজ ভুলে গেলেও বিজ্ঞান ভোলেনি।

সম্প্রতি অ্যাডিকশন জার্নালে প্রকাশিত তথ্যের বরাতে করা প্রতিবেদনে এ বিষয়ে নানা তথ্য তুলে ধরেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

প্রায় ৪৩ হাজার মাদকসেবীর ওপর জরিপ চালিয়ে গবেষকরা জানিয়েছেন, এই মাদকদ্রব্য ব্যবহারে মস্তিষ্কের ওপর স্থায়ী প্রভাব পড়তে পারে। বিশেষ করে কিশোর-কিশোরীদের ক্ষেত্রে তা মারাত্মক হতে পারে।

মন্ট্রিল ইউনিভার্সিটির মনোরোগবিদ্যার সহযোগী ক্লিনিকাল অধ্যাপক ও গবেষণার সহ-লেখক ড. আলেকজান্দ্রে ডুমাইস বলেন, “গবেষণায় আমরা গাঁজা ব্যবহারের ফলে সৃষ্ট বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে পেরেছি। যার মধ্যে রয়েছে- মনোযোগে সমস্যা বা কিছু শিখতে অসুবিধা। যা মাদকসেবীদের দৈনন্দিন জীবনে যথেষ্ট প্রভাব ফেলতে পারে।”

ডুমাইস বলেন, “যুব বয়সে গাঁজার ব্যবহার শিক্ষাজীবনে বা জ্ঞান অর্জনে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, প্রাপ্তবয়স্কদের মধ্যে, কাজের মান কমে যাওয়া অথবা গাড়ি চালানোর সময় মনোসংযোগ না করার মতো অবস্থার দিকে নিয়ে যেতে পারে।”

উইসকনসিন স্কুল অব মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক্সের অধ্যাপক ডা. মেগান মোরেনো বলেন, “মস্তিষ্কের ওপর গাঁজার প্রভাব বিশেষ করে তরুণদের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ ২৫ বছর পর্যন্ত একজন ব্যক্তির মস্তিষ্কের বিকাশ ঘটে। এক্ষেত্রে তাদের ওপর গাঁজার প্রভাব স্থায়ী হতে পারে।”

গবেষকরা আরও জানান, এই তথ্য গাঁজা ব্যবহারের নেতিবাচক প্রভাব কতটা শক্তিশালী তারই প্রমাণ। তাই, অভিভাবকদের আরও সচেতন হওয়া উচিত তাদের কিশোরবয়সী সন্তানদের সম্পর্কে। কারণ গাঁজা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মস্তিষ্কের ক্ষতি করতে পারে।

গবেষকদের মতে, “এখন পর্যন্ত গাঁজা ব্যবহারের কারণে সৃষ্ট প্রভাবগুলোর বেশিরভাগই দীর্ঘস্থায়ী এবং কিশোর-কিশোরীদের ‘প্রিফ্রন্টাল কর্টেক্স’-এ পরিলক্ষিত হয়েছে। এই ধরনের পরিবর্তনগুলো সাধারণত মস্তিষ্কে দীর্ঘমেয়াদী ব্যাঘাত ঘটাতে পারে।”
এছাড়াও গবেষণায় দেখা গেছে, বয়ঃসন্ধিকালে প্রাথমিক এবং ঘন ঘন গাঁজা সেবনে প্রাপ্তবয়স্ক হওয়ার পর স্মৃতিশক্তি এবং আচরণে মারাত্মক প্রভাব ফেলে।”

   

About

Popular Links

x