Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিতুমীর কলেজে বিশেষ ম্যাগাজিন ‘সংযোগ’-এর মোড়ক উন্মোচন

বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষে ম্যাগাজিনটি প্রকাশিত হচ্ছে

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৭ পিএম

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) বিশেষ ম্যাগাজিন “সংযোগ”-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষে ম্যাগাজিনটি প্রকাশিত হচ্ছে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের শহীদ বরকত মিলনায়তনে “সংযোগ”-এর মোড়ক উন্মোচন উপলক্ষে “বলবেন আপনারা, শুনবো আমরা” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাব্বির আহমেদ, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাব্বি হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম।

অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন তিতুমীর কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন বর্তমান উপাধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোসা. আবেদা সুলতানা, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও এশিয়ান টিভির প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, শিক্ষক পরিষদের সম্পাদক মালেক আক্তার চৌধুরী, এশিয়ান টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব জুয়েল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম বলেন, “সাংবাদিকতা মহৎ এবং দায়িত্বশীল একটি পেশা। এই পেশায় অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সঠিক তথ্য উপস্থাপন করা এবং যারা অসত্য উপস্থাপন করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, ভুল তথ্য দিচ্ছেন তাদের চিহ্নিত করে জনসম্মুখে তুলে আনা। আর সেটিই হচ্ছে প্রকৃত সাংবাদিকতা।”

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমি যোগদানের পর থেকেই কলেজের বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিক সমিতিকে সংবাদ প্রকাশ করতে দেখেছি। এটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। সুন্দর একটি আয়োজন করার জন্য তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিকে অনেক ধন্যবাদ।”

সরকারি তিতুমীর কলেজের সাবেক অধ্যক্ষ মো. আশরাফ হোসেন জেকেজি কান্ডে সাংবাদিক সমিতির ভুমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, “সাংবাদিকরা সমাজের একটি প্রভাবশালী গোষ্ঠী। কোভিড মহামারিতে জেকেজি কাণ্ডের সময় সবাই আমাদের ভুল বুঝতে শুরু করে। কলেজের স্টাফদের ওপর হামলা করেও উল্টো আমাদের ঘাড়ে দায় চাপানো হয়েছিল। তখন আমি অধ্যক্ষ হিসেবে কোনো কুল-কিনারা খুঁজে পাচ্ছিলাম না। সে সময় সাংবাদিক সমিতি যেভাবে ত্রাতা হয়ে এসেছিল তা কখনো ভুলবার নয়। আমাদের সাংবাদিক সমিতির এ অবদান কে সবসময়ই স্মরণ করি।”

উপাধ্যক্ষ মহিউদ্দিন বলেন, “সাংবাদিকরা সবসময় সত্য উৎঘাটনে তৎপর থাকে। তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা কলেজের ইতিবাচক বিষয়গুলো সবার সামনে তুলে ধরছে এজন্য আমার পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। সাংবাদিক সমিতি সত্য প্রকাশে নির্ভীক হোক এই কামনা করি।”

   

About

Popular Links

x