Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বোরকা পরে নারীদের দাবা খেলায় অংশ নিলেন পুরুষ

অর্থকষ্টে পড়ে এমন প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে জানান ২৫ বছর বয়সী ওই শিক্ষার্থী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৩:৩৬ পিএম

কেনিয়ায় নারীদের জাতীয় চ্যাম্পিয়ন দাবা প্রতিযোগিতায় অংশ নিয়ে ধরাশায়ী হলেন বোরকা পরা এক পুরুষ দাবাড়ু।

কেনিয়ার ওপেন চেস টুর্নামেন্টে বোরকা পরে পরিচয় গোপন করে খেলতে বসা ওই ব্যক্তি একে একে খেলায় জিতে চতুর্থ রাউন্ডে ওঠেন। তবে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ধরা পড়ে গেছেন তিনি।

গত সপ্তাহে কেনিয়ায় রাজধানী নাইরোবিতে আয়োজিত নারীদের জন্য উন্মুক্ত দাবা প্রতিযোগিতায় এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

প্রতিবদনে বলা হয়, এবারের আয়োজনে অংশ নেন ২২টি দেশের চার শতাধিক দাবাড়ু।

তাদেরই একজন ২৫ বছর বয়সী স্ট্যানলি ওমন্ডি। কেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন স্ট্যানলি। ওই প্রতিযোগিতায় অংশ নিতে পরিচয় গোপন করে মিলিসেন্ট আওর নামে রেজিস্ট্রেশন করেন তিনি।

এরপর দাবা খেলতে বসেন স্ট্যানলি। এ সময় তার পরনে ছিল বোরকা। মুখে নেকাব আর চোখে চশমা। তাই তার মুখ দেখার বা তিনি যে পুরুষ, সেটা শনাক্ত করার উপায় ছিল না। একে একে জয় পেয়ে তিনি চতুর্থ রাউন্ডে উঠে যান।

এর মধ্যেই আয়োজক ও খেলোয়াড়দের সন্দেহ হয়। স্ট্যানলিকে নিয়ে প্রতিযোগিতায় শুরু হয় গুঞ্জন। এরপর স্ট্যানলিকে আলাদা একটি কক্ষে ডেকে নেন আয়োজকেরা। সেখানে তাকে পরিচয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্ট্যানলি সবকিছু স্বীকার করে নেন। তার দাবি, সম্প্রতি বেশ অর্থকষ্টে পড়েছেন তিনি। তাই এ সংকট থেকে বেরিয়ে আসতে তিনি এমন প্রতারণায় আশ্রয় নিয়েছেন। 

স্ট্যানলির স্বীকারোক্তির পর তাকে দাবার ওই প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণা করা হয়। তিনি যেসব ম্যাচে জয় পেয়েছিলেন, সেগুলোর পয়েন্ট হেরে যাওয়া খেলোয়াড়দের দেওয়া হয়।

   

About

Popular Links

x