একটানা কাজ করতে করতে আমরা হাঁপিয়ে উঠি। কর্মক্ষেত্রের ক্লান্তি ও একঘেয়েমি দূর করার জন্য আমাদের তাই মাঝে মধ্যেই ছুটি দরকার হয়। তবে, যারা চাকরিজীবী তাদের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ছুটি নিতে হয়।
সাধারণত চাকরিজীবীরা বছরে নির্দিষ্ট সংখ্যক দিনের জন্য ঐচ্ছিক এবং অসুস্থতাজনিত ছুটি পেয়ে থাকেন। অসুস্থতাজনিত ছুটির ক্ষেত্রে আবার রয়েছে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র জমা দেওয়ার নিয়মও।
আর অসুস্থতাজনিত ছুটির ক্ষেত্রে আবার শারীরিক অসুস্থতাকে প্রাধান্য দেওয়া হয় অধিকাংশ অফিসে। মানসিক স্বাস্থ্যের বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে থেকে যায় উপেক্ষিত। সেখানে এবার ব্যতিক্রম এক ঘোষণা দিয়ে আলোচনায় এসেছি একটি চীনা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি তাদের কর্মীদের জন্য নির্ধারিত বার্ষিক ছুটির সঙ্গে অতিরিক্ত ১০ দিনের “মন খারাপের” ছুটির ঘোষণা দিয়েছে। অর্থাৎ, মন ভালো না থাকলে ছুটি নিতে পারবেন তাদের কর্মীরা।
সম্প্রতি প্যাং ডং লাইয় নামের প্রতিষ্ঠানটি কর্ণধার ইউ ডংলাই এ ঘোষণা দেন।
মন মেজাজ ভালো না থাকলে কর্মীরা ১০ দিন পর্যন্ত ছুটি নিতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, “এমন অনেক সময় আসে, যখন আমাদের মনখারাপ হয়, তাই মন ভালো না থাকলে অফিসে আসার দরকার নেই।”
শরীর খারাপের কথা যতটা অবলীলায় বলে ফেলা যায়, মনের ভালো-মন্দের কথা ঠিক সেভাবে বলতে পারেন না অনেকেই। তাই মন খারাপের জন্য ছুটি চাওয়ার সুযোগ একদমই নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে চীনের এই প্রতিষ্ঠানটির এমন অভিনব পদক্ষেপের প্রশংসা করছেন অনেকে।
ইউ ডংলাইয়ের মতে, কর্মীরা কখন ছুটি নেবেন সেই স্বাধীনতা তাদের দেওয়া জরুরি। তিনি বলেন, “কর্মীরা ন্যায্য কারণে ছুটি চাইলে ম্যানেজমেন্ট কখনোই তা অস্বীকার করতে পারে না।”
ইউ ডংলাই বলেন, “আমরা বড় হতে চাই না। আমরা চাই আমাদের কর্মচারীরা সুস্থ ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করুক, তাহলেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংস্থার উন্নতি হবে।”



