Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

৩০ বছরে কোনো ব্যাগ হারায়নি যে বিমানবন্দরে

তবে বিমানবন্দরের এই অর্জনে কর্মরতরা খুব যে উৎফুল্ল বা গর্বিত এমনটি নয়

আপডেট : ০৮ মে ২০২৪, ০৬:৫৮ পিএম

জাপানের একটি বিমানবন্দর থেকে গেল ৩০ বছরে যাত্রীদের কোনো ব্যাগ বা লাগেজ হারায়নি। সম্প্রতি এই অর্জনটি উদযাপনও করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এমনটা নয় যে ওই বিমানবন্দরে কোনো ব্যস্ততা নেই। এটি হলো জাপানের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর (কেআইএক্স)। এই বিমানবন্দরটি জাপানের সপ্তম ব্যস্ততম বিমানবন্দর।

১৯৯৪ সালের সেপ্টেম্বরে বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়। এই বিমানবন্দরের মাধ্যমে বছরে দুই থেকে তিন কোটি যাত্রী যাতায়াত করেন। তবে এখান থেকে কোনো যাত্রীর ব্যাগ বা লাগেজ হারিয়ে গেছে এমন অভিযোগ এখনও পাওয়া যায়নি।

জাপানের ওসাকা, কিয়েটো ও কোবে অঞ্চলের জন্য বিশেষভাবে তৈরি কানসাই বিমানবন্দর ওসাকা বে এলাকায় অবস্থিত। এ বছর বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় ১৮তম স্থানে ছিল এটি।

তবে বিমানবন্দরের এই অর্জনে কর্মরতরা খুব যে উৎফুল্ল বা গর্বিত এমনটি নয়। কানসাই বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা কেনজি তাকানিশি বলেছেন, “আমরা বিশেষ কিছু করেছি, তা মনে করি না। আমরা সাধারণভাবে যে কাজ করে থাকি, সেটাই আন্তরিকতার সঙ্গে করা হয়েছে।”

এদিকে, গত এপ্রিলে বিশ্বের সেরা ব্যাগেজ ডেলিভারির বিমানবন্দর হিসেবে কানসাইয়ের নাম ঘোষণা করেছে যুক্তরাজ্যভিত্তিক বিমানবন্দর র‌্যাংকিং ও রেটিং ওয়েবসাইট স্কাইট্র্যাক্স।

কানসাই কর্তৃপক্ষ অবশ্য বলছে, তাদের কর্মীরা ও ব্যাগের দেখাশোনার দায়িত্বে থাকা কর্মকর্তারা কখনো ব্যাগ হারান না। কিন্তু যদি বিমানবন্দরে আসার পথে বা বিমানবন্দর ছাড়ার পর কোনো ব্যাগ হারিয়ে যায়, তবে তার দায় নির্দিষ্ট বিমান সংস্থার।

   

About

Popular Links

x