জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ শুরু হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, রাজধানীর বিভিন্ন ইউনিটসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সমাবেশস্থলে আসেন সংগঠনের নেতা-কর্মীরা। শাহবাগ চত্বরে টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়েছে।
রবিবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। তিনি বলেন, ‘‘ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই।’’
রাকিবুল আরও বলেন, ‘‘দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতা-কর্মীরা সারাদেশ অবরোধ করে দিতে পারে।’’
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশ সঞ্চালনা করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।



