Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়া ৬ আসনে উপনির্বাচনের প্রচার শেষ

নির্বাচনী এলাকায় জনসভা, মিছিলসহ সবধরনের প্রচার বন্ধ থাকবে

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের সবধরনের প্রচার শেষ হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টা থেকে নির্বাচনী এলাকায় জনসভা, মিছিল ও শোভাযাত্রাসহ সকল প্রচার বন্ধ রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে ১১ এপ্রিল বিকেল সাড়ে ৪টার পর্যন্ত নির্বাচনি এলাকায় কোনো ব্যক্তি কোনো জনসভা আহ্বান বা তাতে যোগদান করতে পারবেন না।  

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই আসনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এবারের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। তারা হলেন - বিএনপির মো. রেজাউল করিম বাদশা (ধানের শীষ), ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত জামায়াতে ইসলামীর শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি)।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বগুড়া সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৪ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ১০ জন ভোটার রয়েছেন। মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম বলেছেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন রোধে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।”

   

About

Popular Links

x