Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কিনা জানালেন সিইসি

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন

আপডেট : ১৮ মে ২০২৬, ০৫:৩৫ পিএম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও এবার কোনো দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে পর্দার আড়াল থেকে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিতে শুরু করেছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-র নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, “আমরা চাই দেশে একটি ভালো নির্বাচনের সংস্কৃতি চালু হোক। শুধু একটি নির্দিষ্ট নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন সত্যিকার অর্থে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হয়, সেটাই আমাদের লক্ষ্য।”

তিনি রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে একটি সৌহার্দ্যপূর্ণ ও রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জোর আহ্বান জানান। বিগত দিনের অভিজ্ঞতা টেনে তিনি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনগুলোকে কেন্দ্র করে অনেক হত্যাকাণ্ড ও ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে এই প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত তীব্র হয়ে ওঠে এবং একই পরিবার বা একই এলাকার প্রার্থীদের মধ্যেও মারাত্মক সংঘাত দেখা দেয়। এবার যেন সেই পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সেদিকে রাজনৈতিক দলগুলোকে নজর দিতে হবে।

বক্তব্যে সিইসি স্পষ্ট করে বলেন, নির্বাচন কমিশন একা কখনো কোনো নির্বাচন সফল করতে পারে না। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সাংবাদিক এবং ভোটারসহ সব পক্ষের সমান ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

এই লক্ষে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। সব পক্ষের সমন্বিত প্রচেষ্টায় এবার একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিইসি।

   

About

Popular Links

x