রংপুর সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
বুধবার (২৩ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপতিতে ডালিয়াকে মনোনয়ন দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
আগামী ২৭ ডিসেম্বর ভোটের তারিখ রেখে ইতোমধ্যে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর বাছাইয়ের পর ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৮ জুন ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠন হয়। ওই বছরের ২০ ডিসেম্বর রংপুর সিটি প্রথম নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নগরপিতা হিসেবে নির্বাচিত হন। ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফা মেয়র নির্বাচিত হন। এবার তৃতীয় বারের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে এই সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার রয়েছেন চার লাখেরও বেশি।



