সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় শ্রমিক কর্মচারী কনভেনশন করবে বিএনপি। সমমনা ১৫টি শ্রমিক সংগঠনকে নিয়ে এই কনভেনশনের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মতিঝিল আইডিয়াল হাইস্কুলের সামনে থেকে টিএনটি কলেজ পর্যন্ত (উত্তর পাশে) রাস্তায় এই কনভেনশন অনুষ্ঠিত হবে।
এর আগে ঢাকার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের বহিরাঙ্গন মাঠে এই কনভেনশন হওয়ার কথা ছিল। তবে একই দিন কাছাকাছি স্থানে অপর একটি সংগঠনের সমাবেশ থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থান পরিবর্তন করে বিএনপি।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
এ বিষয়ে সিটি কর্পোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে দেওয়া চিঠিতে জাতীয়তাবাদী শ্রমিক দল বলেছে, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মজুরি কমিশন, জাতীয় বেতন স্কেল ও ন্যূনতম মজুরিসহ শ্রম পরিস্থিতি নিয়ে তারা এই শ্রমিক-কর্মচারী সম্মেলনের আয়োজন করছে। এতে ডান, বাম ও মধ্যপন্থী ১৫টিরও বেশি শ্রমিক সংগঠনের ১০ হাজারের বেশি প্রতিনিধি অংশ নেবেন। বিশিষ্ট শ্রমিক নেতারা সম্মেলনে অতিথি হিসেবে থাকবেন। সম্মেলনের প্রস্তুতি প্রায় সম্পন্ন।
“ভোটাধিকার, গণতন্ত্র, বাঁচার মতো মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, ট্রেড ইউনিয়ন অধিকার ও গণতান্ত্রিক শ্রম আইন প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হোন” স্লোগানে এই সম্মেলন হবে।
বিএনপি বলছে, এই শ্রমিক কর্মচারী কনভেনশন বাংলাদেশে শ্রমিক অধিকার এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।



