গত ১৫ বছরে ব্যাংক খাত থেকে ৯২ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ তুলেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি।
সংস্থাটির এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “এই ৯২ হাজার কোটি টাকা কোথায় গেল, সেটা একটু জানতে চাই। এই টাকাগুলো কোথায় আছে? তারা বিস্তারিত তথ্য দিলে আমরা সেই টাকা দেশে ফিরিয়ে আনবো।”
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
গত ২২ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, ২০০৮ সাল পর্যন্ত ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার কোটি টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার কোটি টাকায়। গত ১৫ বছরে নানা অনিয়মের মাধ্যমে ২৪টি বড় ঋণ কেলেঙ্কারির ঘটনায় ৯২ হাজার ২৬১ কোটিরও বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করে এই হিসাব দেয় সংস্থাটি।
স্বতন্ত্র প্রার্থীদের বাধা দেওয়োর বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে অবহিত করে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচন সংক্রান্ত যত অভিযোগ সেটা নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, নির্বাচনে আচরণবিধি যাতে যথাযথভাবে প্রয়োগ হয় এবং এখানে যদি কোনো প্রকার বিশৃঙ্খলা হয়- এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের।”
“এখানে আমি কোনো দল বুঝি না। যারা ১,৮৯৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছে; আওয়ামী লীগ আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে এবং সতর্ক। সবাই প্রতিদ্বন্দ্বী। এই প্রতিদ্বন্দ্বিতা যদি বিঘ্নিত হয়, এই প্রতিযোগিতা যদি বিশৃঙ্খলার আবর্তে পড়ে, নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নিলেও দল হিসেবে আওয়ামী লীগ কোনো আপত্তি করবে না।”
ওবায়দুল কাদের বলেন, “আমরা শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই। কাজেই আমাদের দলের কেউ- নৌকার প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী যেখানেই থাকুক, কারও বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অধিকার নেই। নির্বাচনবিরোধী সহিংসতায় জড়িয়ে পড়ার কোনো সুযোগ নেই। এটা আমরা সমর্থন করি না এবং নির্বাচন কমিশন যে ব্যবস্থা নেবে, আমরা সেটাকে সমর্থন করি।”
একজন গণমাধ্যমকর্মী প্রশ্ন করেন- গত ১৫ বছরে এমন কী ঘটেছে যে এত উন্নয়নের পরও আওয়ামী লীগের এত সমালোচনা। একা একা নির্বাচন করতে হচ্ছে; জবাবে তিনি বলেন, “যারা নির্বাচন করছে না তাদের গিয়ে প্রশ্নটা করুন। এই প্রশ্নের জবাব আমি কেন দেবো?”
কাদের বলেন, “আমরা দেশ পরিচালনা করছি। সব কিছু শতভাগ পারফেক্ট হবে এমন দাবি আমরা করি না। সমালোচনার বিষয় থাকলে সমালোচনা হবে। সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা-বিতর্ক হলে তখন শুদ্ধ হওয়ার একটা সুযোগ থাকে।”
সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, “আমরা আর মামুরা” ভোট হচ্ছে- এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বদিউল আলম মজুমদার বিএনপির একজন খাস দালাল। বিএনপির (জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব) রিজভী যা বলেন, উনিও তাই বলছেন।”
‘নির্বাচনকে কেন্দ্র করে সব সময় সংঘাতের আশঙ্কা থাকে’
নির্বাচনী শান্তিপূর্ণ পরিবেশের ক্রমেই অবনতি হচ্ছে আমরা দেখছি। প্রতিদিনই সংঘাতের খবর আমরা দেখছি, আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটছে এ ব্যাপারে কাদের বলেন, “সংঘাতের আশঙ্কা সব সময় আমাদের এ অঞ্চলে নির্বাচনকে কেন্দ্র করে থাকে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গে ১১৭ জন...এখানে হচ্ছে কিন্তু আমি বড় ধরনের কোনো সংঘাত হওয়ার আশঙ্কা করছি না। আমার দলের পক্ষ থেকে বলতে চাই, আমাদের নেত্রীর এ ব্যাপারে টলারেন্স জিরো।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগে নামে যারা শান্তি বিঘ্নিত করবে, নির্বাচনের পরিবেশকে দূষিত করবে, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে। দলের পক্ষ থেকে এটা আমাদের প্রত্যাশা।”



