বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘বাংলাদেশ শুধু ফ্যাসিস্টের কবলে পড়েনি, বাংলাদেশ এখন বর্ণবাদীদের কবলে পড়েছে। দেশটাকে তারা দুটো ভাগে ভাগ করে ফেলেছে। একটা ভাগ হচ্ছে আওয়ামী লীগ, আরেক ভাগ হচ্ছে বিরোধী দল।’’
বুধবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘সাম্প্রদায়িকতা এমন পর্যায়ে গেছে যে যারা বিএনপি করেন, তাদের ঘরবাড়ি পর্যন্ত দখল করে নেওয়া হচ্ছে। তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে, ব্যবসা দখল করে নেওয়া হচ্ছে, তাদের ছেলেমেয়েদের চাকরির কোনও সুযোগ দেওয়া হচ্ছে না। এমনকি দূরসম্পর্কের আত্মীয় যারা আছেন, তাদেরও চিহ্নিত করে বঞ্চিত করা হচ্ছে। এটা বর্ণবাদ ছাড়া কিছু নয়। এই অবস্থায় তারা নিজেরাই সাম্প্রদায়িক অবস্থা তৈরি করছে।’’
তিনি বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়গুলোয় স্বেচ্ছাচারিতা, বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ ছাড়া আর কিছু হচ্ছে না। সেখানে নিয়োগ হচ্ছে দলীয়করণের মাধ্যমে। যাঁদের যোগ্যতা নেই, তাঁদের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এমনকি প্রাইমারি স্কুলেও এখন দলীয় ব্যবস্থা চালু হয়েছে।’’
সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলের স্বাধীনতা দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ। সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী, ফজলুর রহমান।



