Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইশরাক: উপদেষ্টা আসিফ তার পদে বহাল থাকার নৈতিকতা হারিয়েছেন

‘অভিজ্ঞতা কম হওয়ার কারণে তিনি জানেন না সিটি কর্পোরেশনের কোন দপ্তরে কী ধরনের সেবামূলক কাজ হয়ে থাকে’

আপডেট : ১৭ জুন ২০২৫, ০২:১৩ পিএম

অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার উপদেষ্টা পদে বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, “শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি।”

মঙ্গলবার (১৭ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনে চলমান অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, “সোমবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘শপথ গ্রহণের বিষয়টি বিবেচনাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ পড়ানো যায়নি’। তার এ কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি আর শপথ পড়ার সুযোগ পাবেন না। অর্থাৎ বিজয়ী প্রার্থীর নামে গেজেট প্রকাশিত হলে পরাজিত প্রার্থী শপথ না পড়ানোর জন্য হাইকোর্ট ডিভিশনে রিট মামলা দায়ের করবে। আর ঐ রিট মামলা অনিষ্পন্ন থাকলে গেজেটে উল্লিখিত ৩০ দিনের মেয়াদ শেষ হয়ে গেলে ভবিষ্যতে কোনো জনপ্রতিনিধি শপথ পড়ার সুযোগ পাবেন না।”

তিনি আরও বলেন, “স্থানীয় সরকার উপদেষ্টা তার পছন্দের একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এক্ষেত্রে সজীব ভূঁইয়া দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন। গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন- যা প্রতারণার শামিল।”

ইশরাক হোসেন বলেন, “স্থানীয় সরকার উপদেষ্টা উল্লেখ করেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ দীর্ঘদিন ধরে নাগরিক সেবা হতে বঞ্চিত হচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস বয়স এবং অভিজ্ঞতা কম হওয়ার কারণে তিনি জানেন না সিটি কর্পোরেশনের কোন দপ্তরে কী ধরনের সেবামূলক কাজ হয়ে থাকে।”

বক্তব্যের শেষে ইশরাক বলেন, “উপদেষ্টা আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ। সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। কাজেই জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার কাছ থেকে কাম্য। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। কারণ এত অত্যাচার, নির্যাতন সহ্য করে যে সব জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি, তাদের তিনি বিভ্রান্ত করতে পারবেন না।”

   

About

Popular Links

x