জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের (দুর্নীতি দমন কমিশন) করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বুধবার (২৩ জুলাই) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় এ্যানি আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জানান, রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত এ্যানিকে খালাস দিয়েছেন। এর আগে গত ১৬ জুলাই যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ২৩ জুলাই রায় ঘোষণার জন্য ধার্য করেছিলেন।
উল্লেখ্য, দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ ২০১৪ সালের ৯ অক্টোবর রাজধানী ঢাকার রমনা থানায় এ্যানির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছিল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ১৩ লাখ ১৩,৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং তার বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ ৪২,৬৭০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।
২০১৬ সালের ২৪ মে আদালত মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। তবে ওই বছরের সেপ্টেম্বরে হাইকোর্টে দায়ের করা আবেদনে মামলার কার্যক্রম স্থগিত হয়। পরবর্তী সময়ে ২০১৯ সালের ১৪ মে হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নিয়ে ছয় মাসের মধ্যে বিচার শেষের নির্দেশ দেন। মামলার বিচার চলাকালে মোট ১২ জন সাক্ষীর মধ্যে ৯ জন সাক্ষ্য দিয়েছেন।



