আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশ করেছে তাদের সর্বশেষ বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিং। এতে পুরুষদের টেস্ট এবং নারীদের ওয়ানডে দুই ফরম্যাটেই শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া।
শুক্রবার (০১ মে) প্রকাশিত এই র্যাঙ্কিং অনুযায়ী, নারীদের ওয়ানডে তালিকায় এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে তারা পেছনে ফেলেছে পাকিস্তানকে, যাদের সংগ্রহ ৭২ পয়েন্ট। নয় নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (৭১), আর ৫০ পয়েন্ট নিয়ে দশম স্থানে আয়ারল্যান্ড।
নারীদের শীর্ষ ছয় দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ১৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার ব্যবধান কিছুটা কমলেও তারা এখনও স্পষ্টভাবে এগিয়ে। ইংল্যান্ড (১২৮) দ্বিতীয় স্থানে থেকে ভারতের (১২৪) সঙ্গে ব্যবধান বাড়িয়েছে। দক্ষিণ আফ্রিকা (১০০), নিউজিল্যান্ড (৯৩) ও শ্রীলঙ্কা (৮৯) যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। শ্রীলঙ্কা সাম্প্রতিক উন্নতিতে নিউজিল্যান্ডের সঙ্গে ব্যবধান কমিয়েছে।
অন্যদিকে পুরুষদের টেস্ট র্যাঙ্কিংয়ে ১৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা (১১৯)। ভারত (১০৪) উঠে এসেছে তৃতীয় স্থানে, আর ইংল্যান্ড (১০২) নেমে গেছে চতুর্থে। খুব কাছাকাছি অবস্থানে থেকে নিউজিল্যান্ড (১০১) রয়েছে পঞ্চম স্থানে।
ইংল্যান্ডের র্যাঙ্কিং পতনের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত সময়ের কিছু গুরুত্বপূর্ণ সিরিজ ফলাফল বাদ পড়া। এর মধ্যে ছিল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে জয় এবং পাকিস্তানে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের মতো সাফল্য।
এদিকে শ্রীলঙ্কাকে (৮৬) পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পাকিস্তান (৮৯)। ২০২৪ সালে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হার এবং ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোম সিরিজ পরাজয়ের প্রভাব কমে যাওয়ায় তাদের অবস্থান উন্নত হয়েছে।
নির্ধারিত সংখ্যক টেস্ট ম্যাচ না খেলায় র্যাঙ্কিং থেকে বাদ পড়েছে আয়ারল্যান্ড। একই কারণে আফগানিস্তানকেও আগামী এক বছরে অন্তত দুটি টেস্ট ম্যাচ খেলতে হবে তালিকায় টিকে থাকতে।
আইসিসি জানিয়েছে, আগামী ৫ মে প্রকাশ করা হবে পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিং এবং ৭ মে প্রকাশিত হবে পুরুষদের ওয়ানডে র্যাঙ্কিং।



