Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভাইকিংদের নৌকা এবার অতল সাগরে, ভেসে থাকতে পারবে?

চলতি বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম

ফুটবল বিশ্বে একটা সময় ছিল যখন ব্রাজিল নামটাই প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাত। কিন্তু ইতিহাস আর পরিসংখ্যানের পাতা ওল্টালে একটি অবাক করা তথ্য সামনে আসে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে নরওয়ে মানেই এক দুর্ভেদ্য দেয়াল। দুই দলের আগের চারবারের দেখায় একবারও জয়ের মুখ দেখেনি সেলেসাওরা; দুই ম্যাচে হারের বিপরীতে বাকি দুটি হয়েছে ড্র। এবার পঞ্চম দেখায় সেই অস্বস্তিকর রেকর্ড ভেঙে বৃত্তপূরণের লক্ষ্য নিয়ে মাঠে নামছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। অন্যদিকে, প্রথমবারের মতো নকআউট পর্বের বৈতরণী পার হওয়া ভাইকিংদের ‘নৌকা’ কি পারবে অতল ব্রাজিল সাগরে ভেসে থেকে নতুন ইতিহাস গড়তে?

চলতি বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের মূল আকর্ষণ ফুটবল বিশ্বের বর্তমান সময়ের অন্যতম সেরা দুই তারকা,  ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র এবং নরওয়ের আর্লিং হালান্ড।

ফুটবল মাঠে কিছু উদযাপন শুধু আনন্দ প্রকাশের মাধ্যম থাকে না, হয়ে ওঠে একটি দলের আত্মপরিচয়। নরওয়ের ‘ভাইকিং রো’ এখন তেমনই এক প্রতীক। ড্রামের তালে তালে খেলোয়াড়দের একসঙ্গে বসে কাল্পনিক বৈঠা চালানোর সেই দৃশ্য যেন জানান দেয়, এই দলটি শুধু ম্যাচ জিতছে না, তারা এগিয়ে যাচ্ছে এক রূপকথার যাত্রায়।

আইভরি কোস্টের বিপক্ষে শেষ মুহূর্তের ২-১ গোলের নাটকীয় জয় নরওয়ের সেই যাত্রাকে বিশ্বকাপের নকআউট পর্বের ইতিহাসে নিয়ে গেছে। যখন সবাই ভাবছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে, ঠিক তখনই ৮৬ মিনিটে নিজের চেনা রূপে হাজির হন আর্লিং হালান্ড। তার এক নিখুঁত টোকায় বল জালে জড়াতেই বদলে যায় নরওয়ের ফুটবল ইতিহাস। ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার নিজের অভিষেক বিশ্বকাপেই ইতোমধ্যে ৫টি গোল করে ফেলেছেন, যা দলের মোট ১০ গোলের অর্ধেক।

গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও হাইতিকে হারিয়ে এবং মরক্কোর সঙ্গে ড্র করে গ্রুপসেরা হয়েই নকআউটে পা রেখেছিল ব্রাজিল। এরপর রাউন্ড অব থার্টি টুতে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নরওয়ের বর্তমান কোচ স্তালে সলবাক্কেন নিজেই ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে হারানো সেই ঐতিহাসিক নরওয়ে দলের সদস্য ছিলেন। সেই অতীতকে মনে করিয়ে দিয়ে সলবাক্কেন বলেন, ব্রাজিল অবশ্যই ফেভারিট। কিন্তু আমরা শুধু খেলতে নামছি না, জিততেই মাঠে নামব। কাজটি কঠিন, তবে অসম্ভব নয়।

তবে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার অবশ্য ব্রাজিলকেই পরিষ্কার ব্যবধানে এগিয়ে রাখছে। তাদের হিসাব অনুযায়ী, নির্ধারিত সময়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ, নরওয়ের ২২.৪ শতাংশ এবং ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।

ইতিহাসের অস্বস্তি ভুলে ব্রাজিল কি পারবে নরওয়ে-বধ করতে, নাকি ওডেগার্ড-হালান্ডদের ভাইকিং নৌকা সেলেসাওদের বিদায়ঘণ্টা বাজিয়ে ভাসবে আনন্দের সাগরে? নিউ জার্সির মাঠেই মিলবে সেই বহুল প্রতীক্ষিত উত্তর। এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেক্সিকো অথবা ইংল্যান্ডের।

   

About

Popular Links

x