Friday, July 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ওতামেন্দির

২০২৬ বিশ্বকাপের ফাইনালই ছিল ওতামেন্দির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১১:০৯ এএম

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ।

১৭ বছরের ক্যারিয়ারের ইতি টেনে বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্ত জানান ৩৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।

ওতামেন্দির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার।

ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় ওতামেন্দি লিখেছেন, “আজ আমাকে আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ভাগ্যের কী নির্মম পরিহাস, আমার শেষ ম্যাচটি ছিল একটি বিশ্বকাপ ফাইনাল। ফলাফল আমাদের প্রত্যাশামতো হয়নি, কিন্তু আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ জানি, এই দল শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সবটুকু দিয়ে লড়েছে।”

তিনি আরও লেখেন, “ধন্যবাদ আর্জেন্টিনা, আমাকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ার জন্য।”

২০০৮ সালে জাতীয় দলে অভিষেক হওয়া ওতামেন্দি আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১৩৯টি আন্তর্জাতিক ম্যাচ। এই সময়ে তিনি জিতেছেন ২০২২ সালের বিশ্বকাপ, টানা দুটি কোপা আমেরিকার শিরোপা এবং দীর্ঘ সময় ছিলেন দলের রক্ষণভাগের অন্যতম ভরসা।

চার বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছেন এই ডিফেন্ডার। ২০২৬ বিশ্বকাপেও দলের অভিজ্ঞ নেতাদের একজন ছিলেন তিনি। যদিও ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয় তার আন্তর্জাতিক অধ্যায়।

ক্লাব ফুটবলেও ওতামেন্দির ক্যারিয়ার ছিল সমৃদ্ধ। ইউরোপে ১৬ বছর কাটিয়ে খেলেছেন পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার মতো ক্লাবে।

সম্প্রতি আর্জেন্টিনায় ফিরে তিনি যোগ দিয়েছেন রিভার প্লেটে।

   

About

Popular Links

x