Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

লিওনেল স্কালোনিকে বড় সুখবর দিলো আর্জেন্টিনা

তিনি থাকবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আবার মাঠে ফিরছে আর্জেন্টিনা। ফিফার চলতি আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে দলটি। এর মধ্যে শেষ ম্যাচটি হবে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ। এর আগে কোচ লিওনেল স্কালোনির চুক্তি নবায়ন নিয়ে আলোচনার খবর দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এএফএ তাদের অফিসিয়াল চ্যানেলে প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া ও স্কালোনির একটি ছবি প্রকাশ করে জানায়, আলবিসেলেস্তেদের নেতৃত্ব দিতে স্কালোনির চুক্তি নবায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন। আগামী ডিসেম্বরে আর্জেন্টিনার সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এরপর তিনি দায়িত্বে থাকবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়।

তবে সম্প্রতি আর্জেন্টিনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে স্কালোনি রাজি হয়েছেন বলে খবর প্রকাশিত হয়। যদিও এখনো নতুন চুক্তি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, নতুন চুক্তি ২০২৮ সালের কোপা আমেরিকা পর্যন্ত হতে পারে। পাশাপাশি আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হতে পারে। সে ক্ষেত্রে চুক্তির মেয়াদ ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর পথও খোলা থাকবে।

স্কালোনির অধীনে গত কয়েক বছরে আর্জেন্টিনা নিজেদের ফুটবল ইতিহাসে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে। তার কোচিংয়ে দলটি ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফাইনালিসিমা এবং ২০২২ সালের বিশ্বকাপ জিতেছে। সর্বশেষ বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল তারা।

এদিকে চলতি আন্তর্জাতিক উইন্ডোতে তিন ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর শেষ ম্যাচে মেসিকে বিদায় জানানোর প্রস্তুতিও চলছে। ফলে জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে এএফএর সাম্প্রতিক ঘোষণায় আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে নতুন করে আশার সৃষ্টি হয়েছে।

   

About

Popular Links

x