দেশের ক্রিকেট ভক্তদের কাছে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের দিন দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদের দেরিতে ঘুম থেকে ওঠার বিষয়টি।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে চার ম্যাচে তিন জয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও সুপার এইটে অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তানের সঙ্গে টানা তিন হারে হতাশ হতে হয় সমর্থকদের। এর মধ্যে আবার সমালোচনা ওঠে সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগার একাদশে তাসকিন আহমেদের না থাকা নিয়ে।
তাসকিন আহমেদ দলের সহ-অধিনায়ক, আবার ভারতের বিপক্ষে তার পারফরমেন্সও বরাবরই ভালো। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তার দলে না থাকা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু কেন একাদশে তাসকিন সেদিন ছিলেন না সে উত্তর মিলছিল না।
তবে এরপর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়, সেদিন দেরিতে ঘুম ভাঙার খেসারত হিসেবেই মাঠে নামতে পারেননি এই পেসার।
এবার তাসকিন ইস্যুতে কথা বলেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার (২ জুলাই) যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন এই টাইগার অলরাউন্ডার।
সাকিব জানান, ঘুম থেকে উঠতে দেরি করায় টিম বাস মিস করেছিলেন তাসকিন আহমেদ। পরে তাকে রেখেই বাস চলে যায় স্টেডিয়ামে। এরপর তাসকিন প্রাইভেট কারে করে স্টেডিয়ামে পৌঁছান। এই ভুলের জন্য বাংলাদেশি পেসার সতীর্থসহ টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমাও চেয়েছেন।
সেদিনের ঘটনা সম্পর্কে সাকিব বলেন, “দলের বাস একটা নির্ধারিত সময়ে ছাড়ে। সাধারণত বাস কারো জন্য অপেক্ষা করে না। ভারত ম্যাচে টসের ১০ মিনিট আগে মাঠে পৌঁছেছিলেন তাসকিন। একেবারে শেষ মুহূর্তের দিকে। স্বাভাবিকভাবে ওই সময়টা কঠিন ছিলো টিম ম্যানেজমেন্টের জন্য তাকে নেওয়া। পরবর্তীতে তাসকিন দুঃখ প্রকাশ করেছে, দলের সবাইও এটা স্বাভাবিকভাবে নিয়েছে।”
তিনি আরও বলেন, “মানুষের ক্ষেত্রে ভুল হতে পারে। অনিচ্ছাকৃত ভুল সবারই হয়ে থাকে। ও সেটা স্বীকার করেছে। ওখানে ব্যাপারটা শেষ হয়ে গেছে। টিম বাস কারো জন্য অপেক্ষা করে না কখনো। একজনের জন্য পুরো দল থেমে থাকে না।”
এদিকে ভারতের বিপক্ষে ম্যাচে না থাকা নিয়ে একটি জাতীয় দৈনিককে তাসকিন বলেছেন, “আমি ঘুমের কারণে দেরি করেছি এটি সত্য। তবে এই কারণে আমাকে বাদ দেওয়া হয়নি। কম্বিনেশনের কারণেই আমাকে বাদ দেওয়া হয়।”
উল্লেখ্য, গত ২২ জুন অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ওই ম্যাচে আগের একাদশ থেকে তাসকিন আহমেদের পরিবর্তে নেওয়া হয় জাকের আলীকে।
বিসিবি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে, তাসকিনের ঘুমকাণ্ড।
সূত্র বলছে, ভারত ম্যাচের দিন সকালে টিম ম্যানেজার ও লজিস্টিক্স ম্যানেজার বাস চেক করতে গিয়ে দেখেন সেখানে তাসকিন আহমেদ নেই। এরপর তারা তাসকিনকে ফোন করতে থাকেন। কিন্তু তাসকিন ফোন রিসিভ করেননি।
এদিকে, আইসিসির প্রোটোকল অনুযায়ী ম্যাচের দিন একটা নির্দিষ্ট টাইমে টিম হোটেল থেকে বাস ছাড়তে হয়। তাই তাসকিনকে রেখেই ছেড়ে দেওয়া হয় টিম বাস। তবে তাসকিনকে খুঁজে মাঠে আনার জন্য রেখে যাওয়া হয় একজন স্টাফকে। পরে তিনিই তাসকিনকে নিয়ে মাঠে যান। আর এই দেরির কারণেই ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না তাসকিন।
এদিকে বিষয়টি নিয়ে বিসিবি কর্তারাও বেশ ক্ষেপে আছেন বলে জানা গেছে। মঙ্গলবার সভা ডেকেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ওই সভায় তাসকিনের বিষয়টি নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।



ঘুমের কারণে বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে পারেননি তাসকিন!
সকালে সহজে ঘুম থেকে ওঠার উপায়