কোপা আমেরিকা খেলে বিদায় নেবেন, সেই ঘোষণা আগেই দিয়েছেন আনহেল ডি মারিয়া। যার শেষের আনুষ্ঠানিকতা কাল সোমবার। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দিয়েই এবারের কোপা আমেরিকার পর্দা নামছে।
সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় কলম্বিয়ার বিপক্ষে এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে শেষবারের মতো মাঠে নামবেন আর্জেন্টিনার উইঙ্গার।
ডি মারিয়া তার ১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৪৪টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৩১টি। তার কাছে এসব গোলের মধ্যে হয়তো স্মরণীয় হয়ে থাকবে তিনটি। ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে করা তার একমাত্র গোল। যে গোলের মাধ্যমে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা, এরপর ২০২২ সালে লা ফিনালিসিমা আর ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের গোল।
ডি মারিয়ার ক্যারিয়ারের পূর্ণতা আসে কাতার বিশ্বকাপ জিতে। ইনস্টাগ্রামে তার একটি পোস্ট অন্তত সেটাই বলছে। ১৬ বছরের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করে ডি মারিয়া লিখেছেন, “আমি যা চাইতে পারতাম, জীবন আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছে।”



